পুঁজিবাজারে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইকুইটি এবং অনাদায়ি লোকসান (আনরিয়েলাইজড লস) সমন্বয়ের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে এ সুবিধা পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২০২৭ সাল থেকে প্রতিবছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে এ সময় কোনো নগদ লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করতে পারবে না প্রতিষ্ঠানগুলো।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চার বছরে নেগেটিভ ইকুইটি সমন্বয়ের নির্দেশ
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যমান নেগেটিভ ইকুইটির ভিত্তিতে ২০২৭ সাল থেকে প্রতিবছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে সংশ্লিষ্ট ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলোকে। এভাবে ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ নেগেটিভ ইকুইটি সমন্বয় করতে হবে।
তবে ২০২৬ সালে নতুন করে কোনো নেগেটিভ ইকুইটি সৃষ্টি হলে তা একই বছরের মধ্যে সমন্বয় করতে হবে। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে আগে সময়সীমা বাড়ানো হয়েছে, তাদের জন্য আগের সিদ্ধান্তই বহাল থাকবে।
নেগেটিভ ইকুইটির হিসাবের ক্ষেত্রে নতুন শর্ত
নেগেটিভ ইকুইটিযুক্ত বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কয়েকটি শর্ত দিয়েছে কমিশন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব হিসাবে থাকা বিদ্যমান শেয়ার বিক্রির অর্থ দিয়ে নতুন করে ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনা যাবে। তবে নতুন করে কোনো মার্জিন ঋণ দেওয়া যাবে না। একইভাবে ব্লক মার্কেটেও এসব হিসাবের মাধ্যমে লেনদেন করা যাবে না।
সমন্বয়কালীন এসব হিসাবের বিপরীতে মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আরোপ করা যাবে না। এ ছাড়া এসব হিসাবের বিপরীতে সৃষ্ট কোনো দাবি বা দায়ের জন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের দায়ী করা যাবে না।
আইপিও পর্যালোচনায় আসছে সিঙ্গেল উইন্ডো পদ্ধতি
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন পর্যালোচনায় সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
নতুন ব্যবস্থায় স্টক এক্সচেঞ্জগুলো নিজেদের পর্যবেক্ষণের পাশাপাশি কমিশনের পর্যবেক্ষণও পর্যালোচনা করবে। এরপর আইপিও আবেদনের বিষয়ে সুপারিশ দেবে তারা। কমিশনের মতে, এ পদ্ধতি চালু হলে আইপিও আবেদন পর্যালোচনার প্রক্রিয়া সহজ হবে এবং সময় কম লাগবে।
সব বন্ডের লেনদেন হবে মূল বোর্ডে
স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে সব বন্ডের লেনদেন নিশ্চিত করার সিদ্ধান্তও নিয়েছে কমিশন।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তির শর্ত থাকা সত্ত্বেও যেসব বন্ড এখনো সেখানে তালিকাভুক্ত হয়নি, সেসব বন্ডের ইস্যুয়ার কোম্পানিকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির আবেদন করতে হবে।
অন্যদিকে, বর্তমানে এটিবিতে তালিকাভুক্ত বন্ডগুলোও মূল বোর্ডে স্থানান্তর বা তালিকাভুক্তির প্রয়োজনীয় কার্যক্রম ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে স্টক এক্সচেঞ্জগুলোকে নির্দেশ দিয়েছে বিএসইসি। এ ক্ষেত্রে প্রচলিত তালিকাভুক্তি বিধিমালা ও শর্ত অনুসরণ করতে হবে।
ব্যাংকে ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনায় শিথিলতা
এদিকে তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকলেও ওই ব্যাংকে কোম্পানির ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এ জন্য বিদ্যমান নির্দেশনা সংশোধন করে নতুন নির্দেশনা জারি করা হবে বলে বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তথ্যসূত্র: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

প্রথম দর্পণ,ডেস্ক