বায়ুদূষণে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ১২তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচকে ঢাকার বায়ুমান স্কোর ছিল ১১৩। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, এ মাত্রার বায়ু সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বুধবার সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির বায়ুমান স্কোর ২২৪। ১৮১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।
এ ছাড়া ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর এবং ১৫২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে নেদারল্যান্ডসের রটারডাম।
বায়ুমানের সূচকে কী বোঝায়
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক বা একিউআই শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় পর্যায়ের।
১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত বায়ুর মান অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।
বায়ুমান সূচক মূলত বাতাসে দূষণের মাত্রা ও জনস্বাস্থ্যের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে ধারণা দেয়। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের বায়ুদূষণের ঝুঁকি তুলনামূলক বেশি।
তথ্যসূত্র: সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচক (সকাল ৮টা)।

প্রথম দর্পণ,ডেস্ক