বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৩ দুপুর
  • ৮৪৯২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সাভারের হেমায়েতপুরে স্থানান্তরের পর যেসব ট্যানারি এখনো উৎপাদনে যেতে পারেনি, সেগুলো সচল করতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার। তবে পরিবেশগত বিধিবিধান ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। চামড়াশিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিবেশগত মান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সনদ অর্জনের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ–নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) ও লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

পরিবেশগত মান নিশ্চিত না করলে ট্যানারি চালানোর সুযোগ নয়

বাণিজ্যমন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে চামড়াশিল্প স্থানান্তরের দীর্ঘসূত্রতা এ খাতের অগ্রগতিতে প্রতিবন্ধকতা তৈরি করেছে। স্থানান্তরের পরও যেসব ট্যানারি উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো চালু করতে সরকার প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা দেবে।

তিনি জানান, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, পরিবেশগত মান ও বিধিবিধান পরিপালনে ব্যর্থ কোনো ট্যানারিকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

রপ্তানি হয়েছে ১.৭৮ বিলিয়ন ডলারের পণ্য

দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি সম্ভাবনা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গত বছর লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে বাংলাদেশ প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। পাশাপাশি প্রতিবেশী ভারতও বাংলাদেশের চামড়াজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে।

এ সম্ভাবনা কাজে লাগাতে পণ্যের গুণগত মান, পরিবেশগত কমপ্লায়েন্স এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বর্জ্য শোধনাগারের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ

চামড়াশিল্পের পরিবেশগত সমস্যা সমাধানে সাভার চামড়াশিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত ক্রোমিয়াম রিকভারি ইউনিট স্থাপনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের চামড়াশিল্প আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।

এসএমই ঋণ পুনঃঅর্থায়ন বেড়ে ২ হাজার কোটি টাকা

দেশের অর্থনীতিতে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আয়বৈষম্য কমাতে এ খাতের বিকাশ অপরিহার্য।

বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সিএমএসএমই খাতের অবদান এক-চতুর্থাংশেরও কম। অর্থনৈতিক বৈষম্য কমাতে এ খাতের অবদান অন্তত ৬০ শতাংশে উন্নীত করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নের প্রতিবন্ধকতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ব্যাংকঋণ পেতে জটিল নথিপত্র ও প্রক্রিয়াগত বাধার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থায়ন পান না। এ সমস্যা সমাধানে এসএমই ফাউন্ডেশন পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এ কর্মসূচিতে ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ, যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা ও শৃঙ্খলার ইতিবাচক দৃষ্টান্ত।

বাংলাদেশ-নেদারল্যান্ডস বাণিজ্য সহযোগিতায় নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণে দুই দেশের সহযোগিতা নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

বিশেষ করে হোম টেক্সটাইল ও চামড়াশিল্পের মতো রপ্তানিমুখী খাতে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বাংলাদেশের শিল্প খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে সহায়ক হবে।

তিনি বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং চামড়াশিল্পের উন্নয়নে নেদারল্যান্ডস সরকার, সিবিআই ও সংশ্লিষ্ট উন্নয়ন অংশীদারদের সহযোগিতার প্রশংসা করেন। পরিবেশবান্ধব শিল্পায়ন, টেকসই উৎপাদনব্যবস্থা ও রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডস।

এ সময় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে টেকসই বাণিজ্য সম্প্রসারণ, শিল্প খাতে পারস্পরিক সহযোগিতা এবং হোম টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজার উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সিবিআইয়ের হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, শিল্পোদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad