মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতার রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।
রিজভী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে তাঁর সরকারের পতনের পর তিনি দেশ ছেড়ে চলে যান। এমন পরিস্থিতিতে তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন কীভাবে বিবেচনায় আসছে, তা জনগণের সামনে পরিষ্কার করতে হবে।
সাবেক আইনমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল। তখন বলা হয়েছিল, পলাতক ব্যক্তির বক্তব্য প্রচার করা যায় না। অথচ এখন শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।
তিনি বলেন, তারেক রহমান নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার প্রয়োজনে দেশ ছেড়েছিলেন। অন্যদিকে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার দাবি
রিজভী বলেন, আবু সাঈদ, মুগ্ধ, আহনাফসহ ১ হাজার ৪০০ শিশু-কিশোর ও তরুণের আত্মত্যাগের বিচার নিশ্চিত করতে হবে। মানবতাবিরোধী অপরাধের বিচার আইন ও সংবিধান অনুযায়ী সম্পন্ন করা জরুরি।
জনগণের সামনে প্রকৃত সত্য তুলে ধরা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রথম দর্পণ,ডেস্ক