পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, প্রতীক্ষার জীবনসংগ্রাম যেন সিনেমার গল্প

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ বিকাল
  • ১১০৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরের সন্তানকে নিয়ে শুরু হয়েছিল জীবনের কঠিন সংগ্রাম। সংসার চালাতে ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় (এসবিআই) পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ শুরু করেছিলেন প্রতীক্ষা টেন্ডলকার। মাসিক বেতন ছিল মাত্র ৬০ থেকে ৬৫ রুপি। অথচ অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও পড়াশোনার প্রতি আগ্রহ তাঁকে সেই ব্যাংকেরই সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে পৌঁছে দিয়েছে। তাঁর এই অসাধারণ জীবনযাত্রা যেন হার না মানা এক মানুষের সিনেমার গল্প।

প্রতীক্ষার জন্ম ১৯৬৪ সালে ভারতের মহারাষ্ট্রের পুনেতে। অভাব-অনটনের মধ্যেই কেটেছে তাঁর শৈশব। মাত্র ১৬-১৭ বছর বয়সে বিয়ে হওয়ায় সপ্তম শ্রেণিতে পড়ার সময়ই বন্ধ হয়ে যায় পড়াশোনা। বিয়ের তিন বছরের মাথায় এক সড়ক দুর্ঘটনায় স্বামী সদাশিব কাদুকে হারান তিনি। তখন তাঁর বয়স মাত্র ২০ বছর। কোলে এক বছরের সন্তান।

স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে প্রথমে সেলাইয়ের কাজ শুরু করেন প্রতীক্ষা। পরে সন্তানকে নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান। স্বামীর বকেয়া বেতন সংগ্রহ করতে একদিন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি শাখায় গিয়ে নিজের কর্মসংস্থানের জন্য শাখা ব্যবস্থাপকের কাছে আবেদন জানান। তাঁর আবেদনে সাড়া দিয়ে ১৯৮৫ সালে ব্যাংকটিতে খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়। মাসিক বেতন নির্ধারিত হয় মাত্র ৬০-৬৫ রুপি।

সামান্য বেতনের চাকরি, পাশাপাশি পড়াশোনার লড়াই

ব্যাংকে প্রতিদিন মেঝে ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কার করা ও আসবাবপত্রের পরিচর্যার দায়িত্ব পালন করতেন প্রতীক্ষা। সামান্য বেতনে সংসার চালানো কঠিন হওয়ায় পাশাপাশি একটি জুতার কারখানাতেও কাজ করতেন তিনি।

এত প্রতিকূলতার মধ্যেও পড়াশোনার স্বপ্ন ছাড়েননি। একদিন এক ভাঙারি ব্যবসায়ীর কাছ থেকে অষ্টম, নবম ও দশম শ্রেণির পুরোনো বই সংগ্রহ করেন। দিনের কাজ শেষে রাতে কেরোসিনের বাতি জ্বালিয়ে পড়াশোনা করতেন। অবশেষে প্রথমবারেই দশম শ্রেণির পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হন।

এরপর মুম্বাইয়ের ভিখরোলির একটি নৈশ কলেজে ভর্তি হয়ে দ্বাদশ শ্রেণি সম্পন্ন করেন। পরবর্তী সময়ে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রিও অর্জন করেন।

ধাপে ধাপে পদোন্নতি, বদলে যায় কর্মজীবন

পড়াশোনার পাশাপাশি ব্যাংকেও একের পর এক পদোন্নতি পেতে থাকেন প্রতীক্ষা। ১৯৯০ সালে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব ছেড়ে বার্তাবাহক পদে উন্নীত হন। স্নাতক সম্পন্ন করার পর বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৫ সালে ক্লার্ক-কাম-ক্যাশিয়ার হিসেবে নতুন দায়িত্ব পান।

এর মধ্যে ১৯৯৩ সালে প্রমোদ টেন্ডুলকারকে বিয়ে করেন তিনি। পড়াশোনা চালিয়ে যাওয়া এবং বিভাগীয় পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে স্বামীর কাছ থেকেও উৎসাহ ও সহযোগিতা পেয়েছেন প্রতীক্ষা।

পরবর্তী সময়ে প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর যোগ্যতা, অভিজ্ঞতা ও ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তা হয়ে ওঠেন তিনি।

৫৫ বছর বয়সে পূরণ করেন নতুন স্বপ্ন

প্রতীক্ষার দীর্ঘ কর্মজীবনের অন্যতম বড় অর্জন আসে ২০২২ সালের জুনে। ওই সময় ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে নিয়োগ পান তিনি। যে প্রতিষ্ঠানে মাত্র ৬০-৬৫ রুপি বেতনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন, দীর্ঘ পথ পেরিয়ে সেখানেই পৌঁছে যান গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে।

শুধু চাকরির সাফল্যেই থেমে থাকেননি প্রতীক্ষা। ৫৫ বছর বয়সে প্রাকৃতিক চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনার দীর্ঘদিনের স্বপ্নও পূরণ করেন তিনি।

স্বামীকে হারানো, সন্তান লালন-পালনের দায়িত্ব, দারিদ্র্য এবং জীবনের নানা প্রতিকূলতা—কোনো কিছুই তাঁকে থামাতে পারেনি। প্রতীক্ষা টেন্ডলকারের জীবনসংগ্রাম দেখিয়েছে, ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও শিক্ষার প্রতি অঙ্গীকার থাকলে জীবনের যেকোনো পর্যায় থেকেই ঘুরে দাঁড়ানো সম্ভব।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad