মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাংক সংস্থা দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি (ডব্লিউআইএনইপি) এ তথ্য জানিয়েছে। সংস্থাটির হিসাবে, অক্টোবরের শুরু থেকে শেষ পর্যন্ত হরমুজ প্রণালিতে ৩৭টি বাণিজ্যিক ও ট্যাংকার জাহাজ হামলার শিকার হয়। এর আগে কোনো এক মাসে এ জলপথে ৩০টির বেশি জাহাজে হামলার নজির ছিল না।
অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজে হামলা
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালিতে উত্তেজনা বিরাজ করছে। সংঘাতের প্রথম দিন বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
এরপর থেকে আইআরজিসির অনুমতি ছাড়া প্রণালি অতিক্রমের চেষ্টা করা বিভিন্ন বাণিজ্যিক ও ট্যাংকার জাহাজ হামলার শিকার হচ্ছে। গত মার্চ থেকে এসব জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তেল ছড়িয়ে পড়ছে উপকূলীয় এলাকায়
জাহাজে হামলার কারণে শুধু সমুদ্র পরিবহন নয়, পরিবেশগত ঝুঁকিও বাড়ছে। ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ছে আশপাশের জলরাশিতে।
রয়টার্সের যাচাই করা একটি ভিডিওতে ওমানের উপকূল পর্যন্ত তেল ছড়িয়ে পড়ার দৃশ্য দেখা গেছে। এ ছাড়া উপগ্রহচিত্রে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছেও তেলের উপস্থিতি ধরা পড়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে ওমান সরকারের সঙ্গে যোগাযোগ করলেও রয়টার্স কোনো সাড়া পায়নি।
ট্যাংকারে আগুন, তিন জাহাজে হামলার দাবি
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং রয়টার্সের যাচাই করা ভিডিওতে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘ন্যাভিগ ৮ মেসি’ নামের একটি মাঝারি আকারের পরিশোধিত জ্বালানিবাহী ট্যাংকারে আগুন জ্বলতে দেখা যায়। হরমুজ প্রণালিতে ওমানের উপকূলের কাছাকাছি জাহাজটি হামলার শিকার হয়।
একই দিন ইউরোপীয় ইউনিয়নের ‘কোপার্নিকাস সেন্টিনেল-২’ উপগ্রহের ছবিতেও ওই এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির এক প্রতিবেদনে আইআরজিসির নৌবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, প্রণালির অননুমোদিত পথ ব্যবহারের কারণে রোববার ‘ন্যাভিগ ৮ মেসি’সহ তিনটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে।
হামলায় নিহত ২৫ নাবিক
সমুদ্রপথে সংঘাতের ক্ষয়ক্ষতি বাড়ার বিষয়টি জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর পর্যন্ত এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর ১৩৩টি নিশ্চিত হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত ২৫ জন নাবিক নিহত হয়েছেন।
পারস্য উপসাগর থেকে বের হতে না পারা জাহাজগুলোর নাবিকসহ হাজার হাজার ক্রু সদস্য এখনো নিরাপত্তাঝুঁকিতে রয়েছেন।
বিশ্ব জ্বালানি বাজারে চাপ
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এ জলপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এ পথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে।
নিয়মিত হামলা ও সরবরাহব্যবস্থায় বিঘ্নের কারণে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে সংঘাতের মধ্যেও ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, সর্বশেষ শনিবার একটি ইরানি বন্দর থেকে বের হয়ে আঞ্চলিক জলসীমা ছাড়ার চেষ্টা করার সময় সেন্ট কিটসের পতাকাবাহী একটি কার্গো জাহাজে মার্কিন সামরিক বিমান থেকে গুলি চালানো হয়। এতে জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
তথ্যসূত্র: দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি (ডব্লিউআইএনইপি), আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও), রয়টার্স ও দৈনিক যায়যায়দিন, ১১ নভেম্বর ২০২৬।
বিভাগ: বিশ্ব

প্রথম দর্পণ,ডেস্ক