মঙ্গলবার (১০ নভেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দুই নেতার ফোনালাপের বিষয়টি উঠে আসে। ইসরাইলি সংবাদমাধ্যম ‘ইয়েদিওথ আহরোনোথ’ সূত্রের বরাতে জানায়, ফোনালাপটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। সংশ্লিষ্ট এক সূত্র কথোপকথনটিকে ‘নরকতুল্য চিৎকার-চেঁচামেচিতে ভরা’ বলে বর্ণনা করেছে।
তবে নেতানিয়াহুর কার্যালয় এ প্রতিবেদনকে ‘ভুয়া খবর ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।
ইরানে হামলার জন্য চাপ দিচ্ছেন নেতানিয়াহুএর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানে নতুন করে সামরিক অভিযান চালাতে ট্রাম্পকে প্রতিদিনই চাপ দিচ্ছেন নেতানিয়াহু।
তবে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলো নতুন করে সামরিক হামলার বিরোধিতা করছে। দেশগুলো ইরান সংকটের সমাধানে কূটনৈতিক উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ইরান সংকট নিরসনে ইতিবাচক অগ্রগতি হওয়ায় আপাতত নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা কমেছে। একই অবস্থান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাঁর ভাষ্য, এই মুহূর্তে বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। তবে ইরান যুক্তরাষ্ট্রের নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করলে জবাব দিতে প্রস্তুত রয়েছে দেশটি।
মধ্যস্থতায় সক্রিয় কাতার, অনিশ্চয়তায় চুক্তিএদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার। এ প্রচেষ্টায় ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষের কাছ থেকেই ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছে দোহা।
তবে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। দীর্ঘস্থায়ী সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।
সামরিক অভিযানের পরও কাটেনি সংকটপ্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ সামরিক অভিযান শুরু করে। পরবর্তী সময়ে কূটনৈতিক উদ্যোগ ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও সংকটের স্থায়ী সমাধান হয়নি।
নতুন করে সামরিক অভিযান চালানোর প্রশ্নে ওয়াশিংটন ও তেল আবিবের অবস্থানগত পার্থক্য এবং উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক উদ্যোগ ইরান সংকটকে নতুন মাত্রা দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে আগামী দিনগুলোতে কূটনৈতিক তৎপরতাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
তথ্যসূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক