বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রকাশ করা হয়। এর আগে গত ১৩ অক্টোবর সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছিল মন্ত্রণালয়।
প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পরীক্ষা
নীতিমালায় বলা হয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির সুযোগ দিতে হবে।
অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করতে হবে। অষ্টম শ্রেণি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচন করা হবে।
ভর্তি পরীক্ষার নম্বরবণ্টন
নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষার পূর্ণমান ৫০। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা।
চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার পূর্ণমান ১০০। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর বরাদ্দ থাকবে। পরীক্ষার সময় দুই ঘণ্টা।
প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা
জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ৬ বছর বা তার বেশি, তবে ৭ বছরের কম হতে হবে। ২০২৭ শিক্ষাবর্ষের ক্ষেত্রে জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে।
বয়স প্রমাণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।
ঢাকার স্কুলে ৪০ শতাংশ ক্যাচমেন্ট কোটা
ঢাকা মহানগরীর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে স্কুলসংলগ্ন ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। অবশিষ্ট আসনে অন্যান্য এলাকার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
তবে একই প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে এ ৪০ শতাংশ কোটা প্রযোজ্য হবে না। একই ক্যাচমেন্ট এলাকার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য শিক্ষার্থীরা যেকোনো প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে।
আবেদন ও ভর্তি ফি নির্ধারণ
নীতিমালায় ভর্তির আবেদন ফি ও ভর্তি ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রথম শ্রেণিতে অনলাইন আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নেওয়া যাবে।
এ ছাড়া ভর্তি আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও এ নির্দেশনা প্রযোজ্য।
সেশন চার্জসহ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে এলাকাভেদে। মফস্বলে সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পর্যায়ের পৌর এলাকায় ১ হাজার টাকা, জেলা সদরের পৌর এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকায় সর্বোচ্চ ৩ হাজার টাকা নেওয়া যাবে।
ঢাকার স্কুলে ভর্তি ফি আদায়ে সীমা
ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ৫ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।
আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উন্নয়ন এবং শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের জন্য মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নিতে পারবে।
তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন খাতে ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে ওঠার ক্ষেত্রে প্রতিবছর সেশন চার্জ নেওয়া গেলেও পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।
এখনো চূড়ান্ত হয়নি ভর্তি পরীক্ষার তারিখ
২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত করেনি শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় বলা হয়েছে, একই ক্যাচমেন্ট এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন তারিখে পরীক্ষা আয়োজনের সুবিধার্থে সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করতে হবে।

প্রথম দর্পণ,ডেস্ক