দেশের বিভিন্ন এলাকায় সার বিতরণ ও ডিলার নিয়োগ নিয়ে অনিয়ম, পাচার এবং সংকটের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাবনার চাটমোহরে সার না পেয়ে বিক্ষুব্ধ কৃষকরা ডিলারের গুদাম ভেঙে প্রায় ৬০০ বস্তা সার নিয়ে গেছেন। চট্টগ্রামের মিরসরাইয়ে সার পাচারের অভিযোগে বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে আটক করেছে পুলিশ। শরীয়তপুরের ডামুড্যায় পাচারের সময় ১৫ বস্তা সরকারি সার জব্দ করা হয়েছে। অন্যদিকে, কক্সবাজারের চকরিয়ায় ডিলার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। রাজশাহীর গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে মহাসড়ক অবরোধ করেছেন চার শতাধিক কৃষক।
সোমবার (৯ নভেম্বর) এসব ঘটনা ঘটে।
চাটমোহরে গুদাম ভেঙে ৬০০ বস্তা সার নিয়ে গেলেন কৃষক**
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারে সার বিতরণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ কৃষকরা ডিলার প্রদীপ কুমারের গুদাম ভেঙে প্রায় ৬০০ বস্তা সার নিয়ে যান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউরিয়া, এমওপি ও ডিএপিসহ ওই ডিলারের বিক্রয়কেন্দ্রে মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। বিতরণের জন্য এরই মধ্যে ১৭১টি মেমো করা হয়। সকালে সার সংগ্রহের জন্য কৃষকরা দীর্ঘ লাইনে দাঁড়ান। এদিকে একই এলাকায় বিএডিসির দুই ডিলার হবিবুর রহমান ও রহমত আলীর বিক্রয়কেন্দ্রে সার শেষ হয়ে গেলে হাজারো কৃষক প্রদীপ কুমারের বিক্রয়কেন্দ্রে ভিড় করেন।
একপর্যায়ে বিক্ষুব্ধ কৃষকরা গুদামে থাকা প্রায় ৬০০ বস্তা সার নিয়ে যান। এ সময় পুলিশ ও ডিলারের লোকজন বাধা দিলে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের হস্তক্ষেপে বেশ কিছু বস্তা সার রক্ষা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ বলেন, ডিলারের গুদাম ভেঙে আনুমানিক ৬০০ বস্তা সার নিয়ে গেছেন বিক্ষুব্ধ কৃষকরা।
চাটমোহর থানার ওসি ওলিউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান বলেন, কোথাও সারের সংকট নেই। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে এ ঘটনা ঘটানো হয়েছে।
**মিরসরাইয়ে সার পাচারের অভিযোগে আটক ৩**
চট্টগ্রামের মিরসরাইয়ের উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারের অভিযোগে বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
সোমবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সম্রাট, তাঁর ছেলে আজাহার উদ্দিন মাহিন এবং একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফারাবি হোসেন।
পুলিশের তথ্য অনুযায়ী, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল ব্যবহার করে একটি অসাধু চক্র মিয়ানমারে সার পাচার করে আসছে। এর আগে ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের অপেক্ষায় থাকা ৩০১ বস্তা সার জব্দ করে পুলিশ।
**ডামুড্যায় সরকারি ১৫ বস্তা সার জব্দ**
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি এলাকায় পাচারের সময় ১৫ বস্তা সরকারি ডিএপি সারসহ একটি অটোভ্যান আটক করেন স্থানীয় কৃষকরা।
জানা গেছে, সুতলকাঠি এলাকার ব্যবসায়ী ইসমাইল মাদবর অটোভ্যানে করে সরকারি সার গোপনে পার্শ্ববর্তী মাদারীপুর জেলার সূর্যমণি এলাকায় পাঠাচ্ছিলেন। সন্দেহ হলে ধানকাঠি এলাকার কৃষকরা অটোভ্যানটি আটকে দেন। পরে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ১৫ বস্তা সার জব্দ করেন। এ সময় ব্যবসায়ী ইসমাইল মাদবরকেও আটক করা হয়।
**চকরিয়ায় ডিলার নিয়োগের প্রজ্ঞাপনে হাইকোর্টের স্থগিতাদেশ**
কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
২০২৬ সালের সমন্বিত সার ডিলার নিয়োগ নীতিমালা অনুসরণ না করে মেসার্স নজির আহমদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নেজাম উদ্দিনকে ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগে রিট করেন স্থানীয় বাসিন্দা ও মেসার্স কাসেম পোলট্রি অ্যান্ড ডেইরি ফার্মের স্বত্বাধিকারী সাজ্জাদ হোসেন।
রিটের শুনানি শেষে ৩ নভেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একই পরিবারের দুই ভাইয়ের সার ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন তুলেছেন বঞ্চিত আবেদনকারীরা।
**গোদাগাড়ীতে সার না পেয়ে মহাসড়ক অবরোধ**
রাজশাহীর গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেন চার শতাধিক কৃষক। সোমবার বিকেলে উপজেলার হাতনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ইউএনও ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ ও গোদাগাড়ী থানার ওসি সুজন মিঞা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। চাহিদা অনুযায়ী সার সরবরাহের আশ্বাস দিলে প্রায় ৩০ মিনিট পর কৃষকরা অবরোধ তুলে নেন।
দেশের বিভিন্ন এলাকায় সার বিতরণ, মজুত, পাচার ও ডিলার নিয়োগ নিয়ে এসব ঘটনায় কৃষকদের মধ্যে অসন্তোষের চিত্র উঠে এসেছে। সারের সরবরাহ স্বাভাবিক রাখা, অনিয়ম বন্ধ এবং প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কার্যকর নজরদারির দাবি উঠেছে।

প্রথম দর্পণ,ডেস্ক