মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাত থেকে সকাল পর্যন্ত সাভারের গেন্ডা ও বাড়ইপাড়া এলাকায় এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, ভোররাতে গেন্ডা ময়লার মোড় এলাকায় সাভার পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক। আগুনের তাপ অনুভব করে ঘুম ভাঙলে দ্রুত বাস থেকে নেমে আসেন তিনি। এতে সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান।
তিনি আরও জানান, ভোর থেকে দুটি বাস ও একটি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, গেন্ডা এলাকায় একই সময়ে আরও একটি বাসে আগুন দেওয়া হয়। অন্যদিকে, বাড়ইপাড়া এলাকায় সড়কের পাশে পার্কিং করা একটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসব ঘটনায় দুটি গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে এবং অন্য গাড়িটির সামান্য ক্ষতি হয়েছে।
বিদ্যালয়ের সামনে তিনটি ককটেল উদ্ধার
এদিকে, সাভারের অধর চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করে পুলিশ। পরে ব্যাগের ভেতর তিনটি ককটেল পাওয়া যায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ককটেল উদ্ধারের পর সেগুলো নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে।
গাড়িগুলোতে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এসব ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রথম দর্পণ,ডেস্ক