নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত অনেকের শ্বাসনালি, লাইফ সাপোর্টে একজন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০২:০৬ দুপুর
  • ৭২৬১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন মোট ৭৭ জন। তাঁদের মধ্যে চারজনকে ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। একজন রয়েছেন লাইফ সাপোর্টে।

চিকিৎসকদের আশঙ্কা, আগামী ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত সংকটাপন্ন রোগীদের ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের পর থেকে পর্যায়ক্রমে ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জনকে ইতোমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্বাসকষ্ট ও রক্তবমির উপসর্গ

অধ্যাপক পাপন বলেন, গুরুতর অসুস্থ কয়েকজন রোগীর রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত আসছে। এ ছাড়া শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।

তিনি বলেন, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি পুড়ে যেতে পারে। এতে শরীরে অক্সিজেন সরবরাহ ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ফলে রক্তে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে রোগীর অবস্থা সংকটাপন্ন হতে পারে।

চারজন রোগীকে ক্রিটিক্যাল কেয়ারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তাঁর চিকিৎসায় একজন পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞ কাজ করছেন। কয়েকজন রোগীর চোখও আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের চিকিৎসায় চক্ষু বিশেষজ্ঞকে যুক্ত করা হয়েছে। পাশাপাশি ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে।

গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড

ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক জানান, একজন সংকটাপন্ন রোগীর চিকিৎসার জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা ও চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নিতে মঙ্গলবার দুপুর ১২টায় আরেকটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে।

ওই সভায় রোগীদের অবস্থা পর্যালোচনা করে আরও কাউকে ছাড়পত্র দেওয়া সম্ভব কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, কিছু রোগী আতঙ্কজনিত অসুস্থতা বা প্যানিক অ্যাটাকের কারণে হাসপাতালে এসেছিলেন। তাঁদের অনেকেই এখন সুস্থ। শারীরিক অবস্থা বিবেচনায় তাঁদের মধ্য থেকেও কাউকে কাউকে ছাড়পত্র দেওয়া হতে পারে। এ ছাড়া পরবর্তী সময়ে যাঁরা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার উপযোগী হবেন, তাঁদেরও হাসপাতাল থেকে ছাড় দেওয়া হবে।

এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম এবং ইমার্জেন্সি আরএস সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad