স্থানীয়দের কাছে বিষয়টি অনেকটা স্বাভাবিক হয়ে উঠলেও নিরাপত্তার দিক থেকে এটি অত্যন্ত উদ্বেগজনক। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রেলপথের অবকাঠামোগত দুরবস্থার কারণে রমনা কমিউটার ট্রেন এ পথে ঘণ্টায় মাত্র ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে চলাচল করে। ট্রেনের এই ধীরগতির সুযোগ নিয়েই যাত্রীরা চলন্ত অবস্থায় ওঠানামা করছেন। বড়দের দেখাদেখি শিশুরাও একই ঝুঁকিপূর্ণ অভ্যাসে জড়িয়ে পড়ছে।
রেললাইনের দুরবস্থায় কমেছে ট্রেনের গতি
স্থানীয় সূত্রে জানা গেছে, রমনা কমিউটার ট্রেনটি পার্বতীপুর থেকে কুড়িগ্রাম হয়ে চিলমারীর রমনা বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। উলিপুর থেকে রমনা বাজার পর্যন্ত রেলপথের বিভিন্ন স্থানে পুরোনো ও জরাজীর্ণ স্লিপারসহ নানা অবকাঠামোগত সমস্যা রয়েছে। এ কারণে নিরাপত্তার স্বার্থে ট্রেনের গতি কমিয়ে চালাতে হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতেও চলন্ত ট্রেনে মানুষের ওঠানামার দৃশ্য দেখা গেছে। কেউ কেউ এসব ঝুঁকিপূর্ণ দৃশ্য ধারণ করে ফেসবুক, রিলস ও টিকটকে প্রকাশ করছেন।
স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, চলন্ত ট্রেনে ওঠানামা কখনোই নিরাপদ নয়। সামান্য অসতর্কতায় বড় দুর্ঘটনা, এমনকি প্রাণহানিও ঘটতে পারে। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আরেক বাসিন্দা জব্বার আলী বলেন, বড়দের দেখাদেখি শিশুরাও এমন ঝুঁকিপূর্ণ আচরণ শিখছে। প্রতিদিন ট্রেন চলার সময় শিশুদের এভাবে ওঠানামা করতে দেখা যায়। এখনই সতর্ক না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
রেলপথ সংস্কারের কাজ চলছে
রমনা বাজার রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী মো. নজমুল হাসান বলেন, উলিপুর থেকে রমনা বাজার পর্যন্ত রেলপথে কারিগরি ও অবকাঠামোগত সমস্যা রয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ অংশে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হচ্ছে। চলন্ত ট্রেনে ওঠানামার বিষয়টি কর্তৃপক্ষের জানা আছে।
তিনি আরও বলেন, রেলপথ মেরামত ও আধুনিকায়নের কাজ শুরু হয়েছে। উলিপুর পর্যন্ত কাজের অগ্রগতি দেখা যাচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত চিলমারী অংশের কাজও শেষ হবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
রমনা কমিউটার ট্রেনের পরিচালক অজিত রায় বলেন, উলিপুর থেকে রমনা বাজার পর্যন্ত রেললাইনের অবস্থা ভালো না হওয়ায় সতর্কতার সঙ্গে ট্রেন চালাতে হয়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ অংশে গতি কম রাখা হয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত রেলপথের সংস্কার সম্পন্ন করে ট্রেনের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি চলন্ত ট্রেনে ওঠানামা বন্ধে সচেতনতামূলক কার্যক্রম ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে। বিশেষ করে শিশুদের ঝুঁকিপূর্ণ চলাচল বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

প্রথম দর্পণ,ডেস্ক