খুলনায় শুরু হতে যাচ্ছে ২০২৬-২৭ বোরো মৌসুমের আবাদ প্রস্তুতি। মাঠে এখনো রয়েছে আমন ধান। এর মধ্যেই বোরো চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। বাজারে বীজ কেনা ও বীজতলা তৈরির প্রাথমিক কাজও শুরু হয়েছে। তবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সার সংকট, বিদ্যুতের লোডশেডিং এবং কৃষিশ্রমিকের বাড়তি মজুরি নিয়ে নতুন মৌসুমের শুরুতেই উদ্বেগে পড়েছেন জেলার প্রায় এক লাখ ৯৫ হাজার বোরো চাষি।
কৃষকদের আশঙ্কা, উৎপাদন খরচ আরও বেড়ে গেলে ধান চাষে লাভের পরিবর্তে লোকসান গুনতে হতে পারে। এর পাশাপাশি শৈত্যপ্রবাহ, দাবদাহ ও অসময়ে বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাও তাঁদের দুশ্চিন্তা বাড়াচ্ছে।
কৃষকরা জানান, বোরো আবাদের জন্য বাজারে বিভিন্ন জাতের হাইব্রিড বীজ পাওয়া যাচ্ছে। তাঁদের পছন্দের তালিকায় রয়েছে মধুমতি, আলোড়ন, বর্ণস্বর্ণ, সাথী, হীরা-২, নবীন ও ইস্পাহানীসহ বিভিন্ন জাত। প্রতি কেজি বীজ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৮০ টাকায়। অনেক কৃষক ইতোমধ্যে বীজ পানিতে ভিজিয়ে রেখেছেন। অঙ্কুরোদগমের পর আগামী সোমবার নাগাদ বীজতলার প্রাথমিক কার্যক্রম শুরুর প্রস্তুতি রয়েছে।
গত বোরো মৌসুমের অভিজ্ঞতা এবারও কৃষকদের ভাবিয়ে তুলছে। গত মৌসুমে মার্চ মাসে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট দেখা দেয়। একই সময়ে রোপণ ও ধান কাটার মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে কৃষিশ্রমিকের মজুরি বেড়ে যায়। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে সেচকাজেও বিঘ্ন ঘটে।
একপর্যায়ে দৈনিক কৃষিশ্রমিকের মজুরি ৬০০ টাকা থেকে বেড়ে এক হাজার টাকা পর্যন্ত পৌঁছায়। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন মহাজনি ও বর্গাচাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মৌসুমে খুলনায় এক একর জমিতে বোরো ধান উৎপাদনে ব্যয় হয়েছিল প্রায় ৭৯ হাজার ২০০ টাকা। এবার মৌসুমের শুরুতেই সার সংকট দেখা দেওয়ায় উৎপাদন ব্যয় নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের কৃষক মো. আসলাম শেখ এবার বোরো আবাদের জন্য চার কেজি সুপার হাইব্রিড এসএল-৮ এইচ জাতের বীজ কিনেছেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উৎপাদিত এ বীজ কালীবাড়ি ঘাট এলাকার দোকানগুলোতে পাওয়া যাচ্ছে।
তবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে চাষের খরচ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন তিনি। আসলাম শেখ জানান, এবার এক বিঘা জমিতে একবার চাষ করতেই ৮০০ টাকা দিতে হচ্ছে। গত বছর একই পরিমাণ জমিতে একবার চাষের খরচ ছিল ৬০০ টাকা। গত মৌসুমে দুই বিঘা জমিতে বোরো আবাদ করে ৪৪ মণ ধান পেয়েছিলেন তিনি।
আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ বোরো মৌসুমে খুলনা জেলায় ৬৫ হাজার ৮০০ হেক্টর জমিতে আবাদ এবং তিন লাখ ১৫ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গত মৌসুমে জেলায় ৬৫ হাজার ৭৭৮ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। উৎপাদিত ধানের পরিমাণ ছিল তিন লাখ ১৫ হাজার মেট্রিক টন। অর্থাৎ এবার আবাদি জমির লক্ষ্যমাত্রা সামান্য বাড়ানো হলেও উৎপাদনের লক্ষ্যমাত্রা গত মৌসুমের সমান রাখা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক মো. নজরুল ইসলাম বলেন, এবারের বোরো আবাদ নিয়ে তাঁরা আশাবাদী। খাদ্যসংকট মোকাবিলায় সরকার কৃষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেবে। ইতোমধ্যে বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের একটি ব্লকের ১৬ জন কৃষক কৃষি কার্ড পেয়েছেন। সরকার কৃষকদের বীজ ও সার প্রণোদনা হিসেবে দেবে।
তিনি আরও জানান, খুলনা জেলায় প্রায় তিন লাখ ১৭ হাজার কৃষক রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৬০ শতাংশ কৃষক বোরো আবাদ করেন।
কৃষকদের প্রত্যাশা, মৌসুমের শুরুতেই সার ও জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা এবং কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এসব ব্যবস্থা নিশ্চিত করা না গেলে বাড়তি উৎপাদন ব্যয়ের চাপে বোরো চাষে কৃষকদের লোকসানের আশঙ্কা আরও বাড়বে।

প্রথম দর্পণ,ডেস্ক