লেবাননের টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি ইরানের এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, দেশের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশে স্থানান্তরের সুযোগ নেই।
সাক্ষাৎকারে রেজায়ি জানান, রাশিয়া ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ ও সংরক্ষণের প্রস্তাব দিয়েছিল। তবে এ বিষয়ে তেহরানের সিদ্ধান্ত মস্কোকে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, রাশিয়ার প্রস্তাবও গ্রহণ করছে না ইরান।
ইরান দীর্ঘদিন ধরেই নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিরোধিতা করে আসছে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে আনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি দেশটি।
এ ক্ষেত্রে আন্তর্জাতিক তত্ত্বাবধানে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামকে নিম্নমাত্রায় নামিয়ে আনার বিষয়ে আলোচনার সুযোগ রেখেছে তেহরান। ফলে ইউরেনিয়াম অন্য দেশে স্থানান্তর না করে নিজ দেশেই এর সমৃদ্ধকরণের মাত্রা কমানোর বিষয়টি সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
ইরানের এ অবস্থানের মধ্য দিয়ে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান মতপার্থক্য নতুন করে সামনে এসেছে। বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ও নিয়ন্ত্রণের প্রশ্নটি দুই দেশের মধ্যে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে।
তথ্যসূত্র: আল-জাজিরা, আল-মায়াদিন।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক