মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় অক্টোবর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। অপরাধ দমন, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এবং চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট রেঞ্জের আট পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমীন তালুকদার বিবিয়ানা গ্যাস ফিল্ডের লুণ্ঠিত আমদানিকৃত যন্ত্রাংশ উদ্ধারে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা পান।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর দিবাগত রাতে হবিগঞ্জের বাহুবলের দৌলতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে চালকের হাত-মুখ বেঁধে গ্যাস ফিল্ডের যন্ত্রাংশবোঝাই একটি কাভার্ডভ্যান ছিনতাই করে দুর্বৃত্তরা। ছিনতাই হওয়া যন্ত্রাংশের আনুমানিক মূল্য ছিল ৪০ লাখ টাকা।
এ ঘটনায় বাহুবল মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। একই সঙ্গে লুণ্ঠিত বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ওসি রুহুল আমীন তালুকদারকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে।
সভায় ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের পেশাদারত্ব, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এ সময় সিলেট রেঞ্জের অধীন চার জেলার পুলিশ সুপার, ডিআইজি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: বাহুবল থানা পুলিশ ও সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সভাসংক্রান্ত তথ্য।

প্রথম দর্পণ,ডেস্ক