চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতিষ্ঠান ও শিক্ষার স্তরভেদে ছুটির মেয়াদে রয়েছে পার্থক্য। নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন, মাদ্রাসায় ১৫ দিন এবং কলেজে ১৮ দিন ছুটি থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক বিদ্যালয়ে ১২ দিনের ছুটি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ থাকবে।
২০ ডিসেম্বর রোববার হওয়ায় এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। পাশাপাশি ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিও এ সময়ের মধ্যে পড়েছে। সব মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি পাবেন।
মাধ্যমিক বিদ্যালয়েও একই মেয়াদ
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এসব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও টানা ১২ দিনের ছুটি ভোগ করবেন। এ সময়ের মধ্যেই ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি রয়েছে।
কলেজে ছুটি ১৮ দিন
সরকারি ও বেসরকারি কলেজের জন্য মাউশির প্রকাশিত ছুটির তালিকায় ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি এবং পরে ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। ফলে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১৮ দিনের ছুটি পাবেন।
মাদ্রাসায় ১৫ দিনের অবকাশ
সরকারি ও বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার ছুটির তালিকা অনুযায়ী, ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে।
এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা মোট ১৫ দিনের ছুটি পাবেন।
এদিকে ২০২৬ সালের ছুটির তালিকায় প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটিও রাখা হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান এই ছুটি শীতকালীন অবকাশের সঙ্গে যুক্ত করলে শিক্ষক-শিক্ষার্থীরা আরও দুই দিন ছুটি পেতে পারেন।
২০২৭ সালে সম্ভাব্য ছুটি ৭০ দিন
এদিকে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির একটি খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৭০ দিন ছুটি থাকতে পারে।
খসড়ায় পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ২৪ দিন, ঈদুল আজহায় ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিন ছুটির প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে তিন দিন এবং প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি হিসেবে দুই দিন রাখার প্রস্তাব রয়েছে।
তবে ২০২৭ শিক্ষাবর্ষের ছুটির তালিকাটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে। ফলে প্রস্তাবিত ছুটির সংখ্যা ও মেয়াদ চূড়ান্ত সিদ্ধান্তের পর পরিবর্তিত হতে পারে।

প্রথম দর্পণ,ডেস্ক