রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। ১৩ ফেব্রুয়ারি বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং ২০ ফেব্রুয়ারি মানবিক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম নতুন সময়সূচির বিষয়টি নিশ্চিত করেন।
আবেদন শুরু ১৫ নভেম্বর
উপাচার্য জানান, আগামী ১৫ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।
তবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য ফল প্রকাশের পর আবেদনের সুযোগ রাখা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আবেদনসাপেক্ষে ভর্তি পরীক্ষার ফরম পূরণের জন্য নতুন করে পাঁচ থেকে সাত দিন সময় দেওয়া হবে।
ভর্তির যোগ্যতায় পরিবর্তন
২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের যোগ্যতার বিষয়ে উপাচার্য জানান, মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান—উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০।
অন্যদিকে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকতে হবে।
ইউজিসির সিদ্ধান্তের পর পরীক্ষা পেছানোর ঘোষণা
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ জানুয়ারি থেকে শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটি পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করে।
নতুন সূচি অনুযায়ী, ফেব্রুয়ারিতে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে আবেদনকারী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন।

প্রথম দর্পণ,ডেস্ক