পাকিস্তানে নিজ বাসায় টিভি উপস্থাপককে গুলি করে হত্যা, হেফাজতে স্বামী

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০০ দুপুর
  • ৭৯০৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাওয়ালপিন্ডিতে নারী সাংবাদিকের রহস্যজনক মৃত্যু, দুর্ঘটনাবশত গুলি ছোড়ার দাবি স্বামীর

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া আহসান নামে এক নারী টেলিভিশন উপস্থাপক। রোববার (৮ নভেম্বর) শহরের গুলশানাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর নিহতের স্বামীকে হেফাজতে নিয়েছে পুলিশ। একই সঙ্গে জব্দ করা হয়েছে সন্দেহভাজন অস্ত্র।

সোমবার (৯ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিহত রাবিয়া আহসান দেশটির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠিকা ও অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাওয়ালপিন্ডির সিটি পুলিশ অফিসার (সিপিও) হাসান মুশতাক সুখেরা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। খবর পেয়ে তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও ফরেনসিক দলের সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

দুর্ঘটনার দাবি স্বামীর

পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে ওই বাড়ির এক পুরুষ গৃহকর্মী জানান, রাবিয়ার স্বামী দাবি করেছেন, বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি বের হয়ে তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। তবে স্বামীর এ দাবি যাচাই করে দেখছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সির বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।

নিরপেক্ষ তদন্তের দাবি ফার্স্ট লেডির

রাবিয়া আহসানের হত্যাকাণ্ডে গভীর শোক ও নিন্দা জানিয়েছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি। প্রেসিডেন্সি থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

একই সঙ্গে রাওয়ালপিন্ডিতে পেশাজীবী নারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। গত আগস্টে একই শহরে ডিজিটাল মিডিয়া নির্বাহী হিনা জাভেদের নিজ বাড়িতে রহস্যজনক মৃত্যুর ঘটনাও স্মরণ করেন আসিফা ভুট্টো। তাঁর মতে, অল্প সময়ের ব্যবধানে দুই কর্মজীবী নারীর এমন মৃত্যুর ঘটনা উদ্বেগজনক।

পুলিশ জানিয়েছে, ফরেনসিক প্রতিবেদন, ময়নাতদন্তের ফলাফল ও অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা করে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা নির্ধারণ করা হবে।

তথ্যসূত্র: দ্য ডন ও দ্য ট্রিবিউন।
প্রতিবেদনের তথ্য: আজকের পত্রিকা, ৯ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad