রাজধানীতে নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ২৪, লালবাগে ৬১, ওয়ারীতে ৬৭, মতিঝিলে ৬০, তেজগাঁওয়ে ৭৭, মিরপুরে ১৪৯, গুলশানে ৫৩, উত্তরা বিভাগে ৪৯ এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযানকালে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৪ হাজার ৬৪২ পিস ইয়াবা। এ ছাড়া চারটি বিলাসবহুল গাড়ি, একটি প্রাইভেট কার, একটি অটোরিকশা, চারটি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

প্রথম দর্পণ,ডেস্ক