ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ভারত সরকার চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বিচারকদের নিয়ে আয়োজিত ‘জুডিশিয়াল ইন্টিগ্রিটি ওয়ার্কশপে’ বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলার রায়ে বাংলাদেশ ন্যায়বিচার প্রত্যাশা করছে বলেও উল্লেখ করেন তিনি।
হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আহ্বান১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করেছে এবং গণহত্যায় জড়িত ছিল, তাদের বিরুদ্ধে যেমন সোচ্চার থাকতে হবে, তেমনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিহত ব্যক্তিদের হত্যাকারীদের বিরুদ্ধেও কথা বলতে হবে।
তিনি একাত্তরের শহীদ জাফর, জয়নায়াল, দীপালী সাহা, কাঞ্চন, রাফুন, বসুনিয়া, জিহাদ ও ডাক্তার মিলনের কথা স্মরণ করেন। পাশাপাশি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধ ও আনাসসহ এক হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত এবং প্রায় ৩০০ জন পঙ্গুত্ববরণ করেছেন বলে উল্লেখ করেন।
এসব হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি সমাজে অন্যায়ের প্রতিবাদ করার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি নিয়ে উদ্বেগআইনমন্ত্রী বলেন, সমাজকে বুদ্ধিবৃত্তিকভাবে বিভক্ত করে ফেলা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে বিপুলসংখ্যক মানুষ নিহত ও অনেকে পঙ্গুত্ববরণ করলেও বুদ্ধিজীবীদের একটি অংশ এ বিষয়ে নীরব রয়েছেন। বিচার বিভাগের সততা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এ ধরনের বুদ্ধিবৃত্তিক দুর্নীতি নিয়েও আলোচনা হওয়া প্রয়োজন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিচার বিভাগের সততা নিয়ে যে প্রশ্ন তুলেছে, সেখানে বিষয়টিকে মূলত আর্থিক দুর্নীতির দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিচার বিভাগের সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বুদ্ধিবৃত্তিক দুর্নীতি। তাঁর মতে, আর্থিক দুর্নীতির তুলনায় বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বাংলাদেশের বিচার বিভাগ ও দেশের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়েছে।
বিচারকদের বিরুদ্ধে অভিযোগে জিরো টলারেন্সবিচারকদের আর্থিক দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, হাতে গোনা কয়েকজন বিচারক এ ধরনের দুর্নীতিতে জড়িত থাকতে পারেন। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে সরকার ও প্রধান বিচারপতি জিরো টলারেন্স নীতি অনুসরণের চেষ্টা করছেন।
একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিচারকদের পেশাগত দায়িত্ব পালন, পরিশ্রম ও সততার বিষয়গুলো যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

প্রথম দর্পণ,ডেস্ক