সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি টেলিভিশনের সংবাদে এ ধরনের আবেদনের কথা শুনেছেন। তবে আবেদনটির সত্যতা এখনো যাচাই করতে পারেননি।
তিনি বলেন, আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না, এর আইনগত ভিত্তি রয়েছে কি না এবং শেখ হাসিনার আবেদন করার অধিকার আছে কি না, তা পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত আইন বিবেচনায় নেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে বক্তব্য দেবে।
প্রত্যর্পণ চুক্তিতে দেশে ফেরানোর উদ্যোগ
ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়েছেন, সেই দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। তাকে আইন অনুযায়ী বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে।
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন
এদিকে ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা—এমন তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির হাতে আসা একটি চিঠির বরাতে জানা গেছে, সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার আইনজীবীরা এ-সংক্রান্ত আবেদন পাঠান।
লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য বাংলাদেশ হাইকমিশনে এটিই তার প্রথম আনুষ্ঠানিক আবেদন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে আবেদন জমা দেওয়ার খবর প্রকাশিত হলেও এর সত্যতা ও আইনগত গ্রহণযোগ্যতা নিয়ে সরকারের আনুষ্ঠানিক যাচাই এখনো শেষ হয়নি।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক