ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ বিকাল
  • ১১৪৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮১ জনে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ঢাকায় সর্বোচ্চ ৯২৪ জন হাসপাতালে ভর্তি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ) সর্বোচ্চ ৯২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তির চিত্র হলো—চট্টগ্রামে ২৬১ জন, খুলনায় ২২৪ জন, রাজশাহীতে ২১৬ জন, বরিশালে ১৮৫ জন, ময়মনসিংহে ৭৬ জন, রংপুরে ৬৩ জন এবং সিলেটে ১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৯১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ২৩২ জন।

মৃত্যু ৪৮১, সর্বোচ্চ ঢাকা বিভাগে

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জন। একই সময়ে মারা গেছেন ৪৮১ জন।

মাসভিত্তিক মৃত্যুর হিসাবে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন এবং অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে সবচেয়ে বেশি ২৩৬ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ৮৫ জন, চট্টগ্রামে ৪৭ জন, ময়মনসিংহে ৩৯ জন, বরিশালে ৩২ জন, রাজশাহীতে ৩০ জন, রংপুরে আটজন এবং সিলেটে চারজনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad