কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি স্কুলের পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আশঙ্কার কথা জানান।
তিনি বলেন, সকাল ৬টার পর থেকে ৯টার মধ্যে ঢাকা শহর ও আশপাশের জেলাগুলোতে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকাল ৬টা থেকে বেলা ১১টার মধ্যে ১৫ জেলার ওপর দিয়ে এই বৃষ্টিপাত অতিক্রম করতে পারে।
যেসব জেলায় বৃষ্টির আশঙ্কা
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের পূর্বাভাস অনুযায়ী, জেলাগুলো হলো—ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ঝিনাইদহ, মাগুরা ও গোপালগঞ্জ।
রাজধানীতে ভোরেই বজ্রবৃষ্টি
এদিকে বুধবার ভোরে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টি হয়েছে। ভোর পৌনে ৬টার দিকে শুরু হওয়া বৃষ্টি সকাল সোয়া ৬টা পর্যন্ত অব্যাহত ছিল।
নিউমার্কেট, গ্রিন রোড, ফার্মগেট, তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও বাংলামোটরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হয়।
ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের বুধবার ভোর ৫টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
তথ্যসূত্র: আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ভেরিফায়েড ফেসবুক পোস্ট এবং আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস।

প্রথম দর্পণ,ডেস্ক