শীতের আগাম সবজি বাজারে, তবু কমছে না দাম; চড়া মাছ-মাংসেও স্বস্তি নেই

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৯ দুপুর
  • ১০৮৮০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নতুন আলু ১৪০-১৬০ টাকা, ইলিশের কেজি ২ হাজার ৩০০ টাকা; ডিম ও মাংসের দামেও ভোগান্তিতে ক্রেতারা

রাজধানীর বাজারে শীতকালীন আগাম সবজি আসতে শুরু করলেও কমছে না দাম। বরং নতুন আলু, গাজর, টমেটোসহ বিভিন্ন সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। একই সঙ্গে মাছ, মাংস ও ডিমের বাজারেও স্বস্তি নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়। পুরোনো আলুর দাম ৩০ টাকা কেজি। কাঁচা মরিচ ১২০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, লম্বা বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, শিম ৮০ থেকে ১২০ টাকা এবং শসা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া গাজর ১০০ টাকা, ফুলকপি আকারভেদে ৫০ থেকে ৮০ টাকা এবং ঝিঙে, পটল, চিচিঙ্গা, ঢেঁড়স ও মূলা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন দেশি টমেটোর দাম ১৩০ টাকা এবং পুরোনো দেশি টমেটো ও গাজরের দাম ১৪০ টাকা পর্যন্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মাছের বাজারেও চড়া দাম

সবজির পাশাপাশি মাছের বাজারেও উচ্চমূল্য অব্যাহত রয়েছে। প্রতি কেজি রুই মাছ ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে কাতলা মাছ ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে ইলিশ। আকার ও মানভেদে প্রতি কেজি ইলিশের দাম ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা। বড় আকারের ইলিশের দাম ২ হাজার ৬০০ টাকা ছাড়িয়েছে।

ডিম-মাংসের দামেও স্বস্তি নেই

আমিষের অন্যতম উৎস ডিমের দামও ক্রেতাদের ভোগান্তি বাড়াচ্ছে। প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায়।

মুরগির বাজারেও দামের উল্লেখযোগ্য পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি।

বিক্রেতাদের ভাষ্য, আগের সপ্তাহের তুলনায় মাছ-মাংস ও ডিমের দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

আরও এক সপ্তাহ পর সবজির দাম কমার আশা

বিক্রেতারা বলছেন, বাজারে এখনো পর্যাপ্ত পরিমাণে নতুন শীতকালীন সবজি আসেনি। সরবরাহ বাড়লে দাম কমতে পারে। তাদের ধারণা, আরও এক সপ্তাহ পর সবজির দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। একই ধরনের সবজির বিভিন্ন জাত ও উৎস থেকে সরবরাহ বাড়লে বাজারে দামের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

তবে বর্তমান পরিস্থিতিতে ক্রেতাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। বাজার করতে আসা নাঈম বলেন, বাজারের অবস্থা এখনো আগুন। অনেক সবজির দাম বেশি হওয়ায় প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করা যাচ্ছে না। এভাবে চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

মাছের দাম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, আগে যে মাছ ৮০০ টাকায় পাওয়া যেত, এখন তা ১ হাজার ২০০ টাকাতেও মিলছে না। উচ্চমূল্যের কারণে মাছ কিনতে না পেরে ফিরে যেতে হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন চড়া দামে সীমিত আয়ের মানুষের সংসার চালানো ক্রমেই কঠিন হয়ে উঠছে। শীতকালীন সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে দাম কমে কি না, এখন সেই অপেক্ষায় ক্রেতারা।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad