গত ১২ নভেম্বর কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের এ-শিফটের সদস্যরা বিমানবন্দর এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে এসব পণ্য আটক করেন।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, প্রথম অভিযানে ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যাংকক থেকে ঢাকাগামী বিএস-২১৮ ফ্লাইটে আসা যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগেজ থেকে ১৭১ গ্রাম স্বর্ণের বার, কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধ জব্দ করা হয়। আটক করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা।
দ্বিতীয় অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংকক থেকে ঢাকাগামী বিজি-৩৮৯ ফ্লাইটে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজ তল্লাশি করে ৩০০ গ্রাম স্বর্ণের বার, স্যামসাং, অনার ও রিয়েলমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান এবং ৬ দশমিক ৩৭৫ কেজি কসমেটিকস পাওয়া যায়।
ব্যাগেজ বিধিমালা অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত স্বর্ণ ও অন্যান্য পণ্য আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা।
একই ফ্লাইটে আসা আরেক যাত্রী উম্মা হানির ব্যাগেজ তল্লাশি করে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০ দশমিক ৪৮ কেজি সাবান পাওয়া যায়। বিধিমালা অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অবশিষ্ট স্বর্ণ ও অতিরিক্ত পণ্য জব্দ করা হয়। আটক করা এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন আনার প্রবণতা বেড়েছে। পৃথকভাবে এসব চালানের পরিমাণ কম মনে হলেও সম্মিলিতভাবে তা বড় ধরনের রাজস্ব ফাঁকির ঝুঁকি তৈরি করতে পারে। এসব ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সরকারি রাজস্ব সুরক্ষা এবং চোরাচালানের পরিবর্তিত কৌশল মোকাবিলায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
তথ্যসূত্র: ১৩ নভেম্বর ২০২৬। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সূত্রে প্রকাশিত প্রতিবেদন।

প্রথম দর্পণ,ডেস্ক