১৫ হাজার ৪৫৭ হেক্টর জমিতে আবাদ, কাটা হয়েছে ১ হাজার ৫৫০ হেক্টরের ধান; উৎপাদন খরচ ও বাজারদর নিয়ে উদ্বেগে কৃষক
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম বিল হিসেবে পরিচিত উপজেলার গুমাই বিলে এবার ৩ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং রোগবালাইয়ের আক্রমণ কম থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং ধানের ন্যায্য দাম না পাওয়ার আশঙ্কা রয়েছে তাঁদের মধ্যে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার গুমাই বিল, নোয়াগাঁও বিল, তলয়ভাঙা বিল, পোমরা, বেতাগী, পারুয়া, দক্ষিণ রাজানগর, রাজানগর, কোদালা, শিলক ও পদুয়াসহ বিভিন্ন এলাকার মাঠে আমন ধান পেকে সোনালি রং ধারণ করেছে। পাকা ধানের মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়েছে মাঠ থেকে আশপাশের জনপদে। বৃষ্টির আগে ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ইতোমধ্যে কিছু জমির পাকা ধান কাটা শুরু হয়েছে।
কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বর্তমানে যেসব জমির ধান কাটা হচ্ছে, সেগুলো আগাম জাতের আমন ধান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়ায় এবার ১৫ হাজার ৪৫৭ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৫০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। জাতভেদে উফশী ধানের হেক্টরপ্রতি উৎপাদন ৫ দশমিক ৬ থেকে ৬ দশমিক ২ টন এবং হাইব্রিড ধানের উৎপাদন ৬ দশমিক ৫ থেকে ৮ দশমিক ৭ টন হতে পারে। চলতি মৌসুমে থেমে থেমে বৃষ্টিপাত, অনুকূল আবহাওয়া এবং রোগবালাইয়ের আক্রমণ কম থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছে কৃষি বিভাগ।
ঐতিহ্যবাহী গুমাই বিলে ৩ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৫০ হেক্টর জমির ধান কাটা হয়েছে।
### ফলন ভালো হলেও উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তা
কৃষকরা জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় ধানের ফলন ভালো হয়েছে। তবে সারের দাম, শ্রমিকের মজুরি এবং সেচের জন্য জ্বালানি কিনতে বাড়তি খরচ করতে হয়েছে। সব মিলিয়ে প্রতি কানি জমিতে আবাদ খরচ ২৭ হাজার টাকার বেশি পড়েছে।
তাঁদের হিসাবে, প্রতি কানিতে ১২০ থেকে ১৩০ আড়ি ধান পাওয়া যাচ্ছে। এক আড়ি ধানের ওজন ১০ কেজি। কিন্তু বর্তমান বাজারদরে উৎপাদিত ধান বিক্রি করে ২০ হাজার টাকার বেশি পাওয়া যাবে না বলে আশঙ্কা করছেন তাঁরা। ফলে ভালো ফলন হলেও লাভের মুখ দেখা নিয়ে সংশয় রয়েছে।
এ অবস্থায় সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষকদের অগ্রাধিকার দেওয়া, ধানের ন্যায্য দাম নিশ্চিত করা এবং বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন কৃষকরা।
গুমাই বিলের পাঠানপাড়া চৌধুরী গুট্টা এলাকার কৃষক রহিম উদ্দীন বলেন, এবার আমন ধানের সার্বিক পরিস্থিতি ভালো। সঠিক সময়ে সার ও বালাইনাশক প্রয়োগ করায় রোগ ও পোকার আক্রমণ তেমন দেখা যায়নি। তিনি ছয় কানি জমিতে আমন ধানের আবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো লাভের প্রত্যাশা করছেন তিনি।
### রোগবালাই কম, ফলনের আশায় কৃষি বিভাগ
মরিয়মনগর ইউনিয়নে দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার শীল বলেন, চলতি বছর আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। জমিতে রোগ ও পোকার আক্রমণ খুবই কম দেখা গেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত মাঠ পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকরাও সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল বলেন, এবার গুমাই বিলে আমনের বেশ ভালো ফলন হয়েছে। কৃষি বিভাগের মাঠপর্যায়ের তদারকি, সময়মতো বালাইনাশক প্রয়োগ, কীট দমনে প্রাকৃতিক পদ্ধতির ব্যবহার, কৃষকদের পরিশ্রম এবং অনুকূল আবহাওয়ার কারণে এবার প্রত্যাশার চেয়ে ভালো ফলন হতে পারে।

প্রথম দর্পণ,ডেস্ক