কেজি ৫২ টাকায় বিক্রি হচ্ছে আগাম আলু, লোকসান কাটিয়ে লাভের আশায় কৃষক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪২ রাত
  • ১০৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু তোলা শুরু, ৫৫-৬০ দিনেই পরিপক্ব ‘সেভেন’ জাত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আগাম জাতের নতুন আলু তোলা শুরু হয়েছে। খেত থেকেই প্রতি কেজি ৫২ থেকে ৬২ টাকা দরে আলু বিক্রি করছেন কৃষকরা। পুরোনো আলুর বাজারে দরপতন থাকলেও আগাম আলুর ভালো দাম পাওয়ায় গত বছরের লোকসান কাটিয়ে লাভের মুখ দেখার আশা করছেন চাষিরা।

উপজেলার বেলে-দোআঁশ মাটিতে চাষ করা ‘সেভেন’ জাতের আলু মাত্র ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে পরিপক্ব হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভালো হয়েছে। চলতি সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় আগাম আলু উত্তোলন পুরোদমে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার রণচণ্ডী ইউনিয়নের কুটিপাড়া গ্রামের কৃষক আব্দুল হাই ও দুলু মিয়া জমি থেকে আগাম আলু তুলে পাইকারদের কাছে প্রতি কেজি ৫২ টাকা দরে বিক্রি করেন।

কৃষক আব্দুল হাই জানান, গত বছর চার বিঘা জমিতে আলু চাষ করে প্রায় এক লাখ টাকা লোকসান হয়েছিল তাঁর। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার আশ্বিন মাসের শুরুতে বৃষ্টির ঝুঁকি নিয়েই একই পরিমাণ জমিতে আগাম আলু চাষ করেন। এর মধ্যে ৩০ শতাংশ জমির আলু ৫৮ দিনে উত্তোলন করছেন। ওই জমিতে প্রায় এক হাজার কেজি আলু উৎপাদন হয়েছে। খরচ বাদ দিয়ে ২০ থেকে ২৫ হাজার টাকা লাভের আশা করছেন তিনি।

আরেক কৃষক দুলু মিয়া জানান, পাঁচ বিঘা জমির মধ্যে আড়াই বিঘার আলু উত্তোলন করেছেন তিনি। এসব আলু মৌসুমি ব্যবসায়ী শাহজাহান ও রফিকের কাছে খেত থেকেই প্রতি কেজি ৫২ টাকা দরে বিক্রি করেছেন। আড়াই বিঘা জমিতে প্রায় দেড় হাজার কেজি আলু উৎপাদন হয়েছে। এতে খরচ বাদ দিয়ে প্রায় ২৩ হাজার টাকা লাভের আশা করছেন তিনি। তবে আগের বছরগুলোতে বেশি দামে আলু বিক্রি করে এর দ্বিগুণ মুনাফা পেয়েছিলেন বলে জানান এই কৃষক।

এদিকে পুরোনো আলুর বাজারে দরপতনের কারণে নতুন আলুর দাম নিয়েও কিছুটা শঙ্কায় রয়েছেন অন্য চাষিরা। আগামী এক-দুই দিনের মধ্যে তাঁরাও জমি থেকে আলু তোলার প্রস্তুতি নিচ্ছেন। বাজারদর ভালো থাকলে উৎপাদন খরচ বাদ দিয়ে ভালো মুনাফা পাওয়া যাবে বলে আশা তাঁদের।

৪ হাজার ১০০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা

কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম জানান, চলতি বছর উপজেলায় ৪ হাজার ১০০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নে আলু উত্তোলন শুরু হয়েছে। কৃষকরা প্রতি কেজি ৫২ থেকে ৬২ টাকা দরে আলু বিক্রি করছেন।

তিনি আশা প্রকাশ করেন, বিগত বছরগুলোর মতো এবারও আগাম আলুর ভালো বাজারদর পেয়ে কৃষকরা লাভবান হবেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad