ব্রির দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন (এলএসটিডি) প্রকল্পের আওতায় চলতি আমন মৌসুমে এ রাইস গার্ডেন স্থাপন করা হয়। এর মাধ্যমে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ, বীজ সরবরাহ এবং জমি প্রস্তুত থেকে ধান চাষের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।
পাশাপাশি ৫২ জাতের ধানদিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশে সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের হুগলীপাড়া গ্রামে এই প্রযুক্তিগ্রামের অবস্থান। দুই বছর আগেও গ্রামটি হুগলীপাড়া নামে পরিচিত ছিল। বর্তমানে ব্রির উদ্যোগে গড়ে ওঠা প্রযুক্তিগ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে এলাকাটি।
সরেজমিনে দেখা গেছে, রাইস গার্ডেনে পাশাপাশি সারিতে ৫২ জাতের ধান চাষ করা হয়েছে। প্রতিটি ধানের প্লটের সামনে সংশ্লিষ্ট জাতের পরিচিতি ও বৈশিষ্ট্যসংবলিত সাইনবোর্ড রয়েছে। ফলে কৃষকরা সহজেই বিভিন্ন জাতের ধান শনাক্ত করতে পারছেন। এরই মধ্যে কয়েকটি জাতের ধান পেকে যাওয়ায় সোনালি ফসল কাটাও শুরু হয়েছে।
রাইস গার্ডেনে রয়েছে বিআর৩, বিআর৪, বিআর৫, বিআর১০, বিআর১১, বিআর২২, বিআর২৩ ও বিআর২৫। এ ছাড়া ব্রি ধান৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪৪, ৪৬, ৪৯, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৬, ৫৭, ৬২, ৬৬, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮৭, ৯০, ৯১, ৯৩, ৯৪, ৯৫, ১০৩, ১০৯, ১১০, ১১১ ও ১১২ জাতের ধান রয়েছে। পাশাপাশি ব্রি হাইব্রিড ধান৪ ও ব্রি হাইব্রিড ধান৬ চাষ করা হয়েছে।
প্রকল্পটির উদ্দেশ্য হলো কৃষকদের কাছে উন্নত ও উচ্চ ফলনশীল ধানের জাত এবং আধুনিক কৃষি প্রযুক্তি পৌঁছে দেওয়া। পাশাপাশি মাঠপর্যায়ে বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সম্পর্কে বাস্তব ধারণা তৈরি করে স্থানীয় পরিবেশ উপযোগী জাত নির্বাচনে কৃষকদের সহায়তা করা।
জাত নির্বাচন নিয়ে আগ্রহ বাড়ছেস্থানীয় কৃষক আব্দুল কাদের বলেন, দেশে কত ধরনের ধান রয়েছে, আগে সে বিষয়ে তাঁদের ধারণা ছিল না। কোন জাতের ধান কত দিনে হয়, সেটিও জানা ছিল না। প্রযুক্তিগ্রামের রাইস গার্ডেন হওয়ায় এখন সরাসরি বিভিন্ন জাতের ধান দেখে ধারণা নিতে পারছেন। আগামী মৌসুমে নিজের জমিতে কোন জাতের ধান চাষ করবেন, সে সিদ্ধান্ত নিতেও এটি সহায়ক হবে।
কৃষক আব্দুস সালাম বলেন, ব্রির মাঠের ধান দেখে এলাকার অনেক কৃষক আগ্রহী হয়েছেন। যে জাতের ধানে ভালো ফলন পাওয়া যাবে, তাঁরা সেটি চাষ করতে চান।
আরেক কৃষক আবু সাঈদ জানান, তিনি প্রতিবছর জমিতে জিরা-৩৪, কাঠারি ও জিরা-৯০ জাতের ধান আবাদ করতেন। তবে এখন বুঝতে পারছেন, একই জমিতে বছরের পর বছর একই জাতের ধান চাষ করা ঠিক নয়। এতে রোগবালাইয়ের আক্রমণ ও ফলন কমে যাওয়ার আশঙ্কা থাকে। আগামী মৌসুমে ব্রি উদ্ভাবিত অন্য কোনো জাতের ধান চাষের পরিকল্পনা করছেন তিনি।
১৫ গ্রামকে প্রযুক্তিগ্রাম করার উদ্যোগব্রির দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ জাহিদ হাসান বলেন, এলএসটিডি প্রকল্পের আওতায় ব্রি উদ্ভাবিত বিভিন্ন জাতের ধান কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। একই সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাচ্ছেন তাঁরা। এতে কৃষকদের দক্ষতা বাড়ছে।
প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন জানান, স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে ব্রি এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় দেশের ১৫টি গ্রামকে প্রযুক্তিগ্রাম বা মডেল গ্রামে রূপান্তরের কাজ চলছে। একদিকে স্থানভিত্তিক ধানের জাত উদ্ভাবন, অন্যদিকে এলাকার উপযোগী কৃষি প্রযুক্তি উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, প্রকল্পের আওতায় ব্রি ধান১১৬, ১১৭, ১১৯ এবং ব্রি হাইব্রিড ধান১০ অবমুক্ত করা হয়েছে। ব্রি হাইব্রিড ধান১০ এবং ব্রি ধান১১৭ ও ১১৯ লবণাক্ততা সহনশীল জাত। এ ছাড়া ব্রি ধান১১৮ অবমুক্ত করা হয়েছে। প্রতিবছর বন্যায় হাওরাঞ্চলে ব্যাপক ফসলহানির বিষয়টি বিবেচনায় নিয়ে জাতটি ওই অঞ্চলে জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রযুক্তিগ্রামের রাইস গার্ডেনের মাধ্যমে মাঠপর্যায়ে ধানের জাত ও প্রযুক্তি সম্পর্কে কৃষকদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। এতে স্থানীয় পরিবেশ ও জমির উপযোগী জাত বেছে নেওয়া সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রথম দর্পণ,ডেস্ক