কৃষির যান্ত্রিকীকরণ ও উৎপাদন বাড়াতে কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে মোট মূল্যের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ব্যাংকঋণ দেওয়ার সুযোগ রেখেছে বাংলাদেশ ব্যাংক। বাকি ২০ থেকে ৩০ শতাংশ অর্থ কৃষক বা ক্রেতাকে নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ করতে হবে। একই সঙ্গে কৃষিপণ্য উৎপাদন থেকে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে কৃষিঋণের আওতায় আনা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে এসব নতুন নির্দেশনা যুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
ঋণ পাবেন কৃষক, উদ্যোক্তা ও প্রতিষ্ঠান
নতুন নীতিমালা অনুযায়ী, কৃষিকাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ব্যক্তি, দল, উদ্যোক্তা ও প্রতিষ্ঠান কৃষি ও পল্লী ঋণ পাওয়ার যোগ্য হবেন। পাশাপাশি পল্লী অঞ্চলে আয়বর্ধক কর্মকাণ্ডে নিয়োজিত ব্যক্তিরাও সংশ্লিষ্ট খাতে ঋণ সুবিধা পাবেন।
ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, বর্গাচাষি এবং অন্যান্য কৃষককে সহজ পদ্ধতিতে একক বা দলগতভাবে ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপিরা এ সুবিধা পাবেন না।
কৃষিঋণের ৫৫ শতাংশ শস্য-ফসল খাতে
নতুন নীতিমালায় কৃষিঋণ বিতরণের ক্ষেত্রে চারটি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে বরাদ্দ লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ শস্য ও ফসল উৎপাদনে, ২ শতাংশ সেচ ও কৃষি যন্ত্রপাতি খাতে, ১৩ শতাংশ মৎস্য খাতে এবং ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতে বিতরণ করতে হবে।
অবশিষ্ট ১০ শতাংশ ঋণ কৃষি উৎপাদন, পল্লী অঞ্চলের উৎপাদন ও সেবা খাত, কৃষি প্রযুক্তি, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে দেওয়া যাবে। ডিজিটাল কৃষিসেবা, নির্ভুলতাভিত্তিক চাষাবাদ ও জলবায়ু সহনশীল স্মার্ট কৃষিও এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশ্যে ঋণ বিতরণের নির্দেশ
প্রকৃত ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষক এবং বর্গাচাষিদের সহজে, সময়মতো ও হয়রানিমুক্তভাবে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঋণ বিতরণ করতে হবে। প্রয়োজনে স্থানীয় হাটের দিনে ব্যাংক কর্মকর্তারা ক্যাম্প করে কৃষিঋণের তথ্য প্রচার ও ঋণ বিতরণ করতে পারবেন। ঋণ বিতরণ ও আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনারও নির্দেশ দেওয়া হয়েছে।
উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত ঋণ
নতুন নীতিমালায় কৃষিপণ্যের উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াকে অর্থায়নের আওতায় আনা হয়েছে। ফলে কৃষি উপকরণ সরবরাহ, উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত ব্যক্তি, দল ও প্রতিষ্ঠান ঋণ সুবিধা পাবেন।
এ ছাড়া কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী, সংরক্ষণকারী, পরিবহনকারী ও বিপণনকারী উদ্যোক্তা এবং পাইকারি ও খুচরা বিক্রেতারাও এ ঋণ সুবিধার আওতায় আসবেন।
আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে অগ্রাধিকার
কৃষির উৎপাদনশীলতা বাড়াতে নির্ভুলতাভিত্তিক কৃষি বা প্রিসিশন ফার্মিংয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ পদ্ধতিতে জমির অবস্থান ও তথ্য বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী বীজ, সার, পানি ও বালাইনাশক ব্যবহার করা হয়। এতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি খরচ কমানো ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব।
এ ধরনের চাষাবাদে উপগ্রহচিত্র, দূর অনুধাবন প্রযুক্তি, ভৌগোলিক তথ্যব্যবস্থা, বৈশ্বিক অবস্থান নির্ণয় ব্যবস্থা (জিপিএস), ড্রোন, সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৃহৎ তথ্য বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহারের কথা বলা হয়েছে। এসব প্রযুক্তি ব্যবহারে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দিতে হবে।
জলবায়ু সহনশীল কৃষিতেও অর্থায়ন
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কৃষির উৎপাদনশীলতা বাড়াতে জলবায়ু সহনশীল স্মার্ট কৃষি কার্যক্রমেও ঋণ দেওয়া যাবে।
এ ক্ষেত্রে বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল ফসলের জাত চাষ, পানি সাশ্রয়ী সেচব্যবস্থা, ভাসমান কৃষি, উঁচু বেডে সবজি চাষ, বৃষ্টির পানি সংরক্ষণ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, সৌরশক্তিচালিত সেচ পাম্প, নবায়নযোগ্য জ্বালানি, মাটির স্বাস্থ্য সংরক্ষণ ও জৈব সার ব্যবহারে অর্থায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসভিত্তিক কৃষিকাজ এবং কৃষি বনায়নও এ সুবিধার আওতায় থাকবে।
কোন যন্ত্র কিনতে কত ঋণ
কৃষির যান্ত্রিকীকরণে ট্রাক্টর, কম্বাইন্ড হারভেস্টার, পাওয়ার টিলার, রিপার, রিপার বাইন্ডার, পাওয়ার থ্রেসার, বীজ বপনযন্ত্র, বেডপ্লান্টার, আগাছা পরিষ্কারের যন্ত্র এবং স্বয়ংক্রিয় চারা উৎপাদন যন্ত্র কেনার জন্য ঋণ দেওয়া যাবে। সেচের জন্য গভীর ও অগভীর নলকূপ, হস্তচালিত নলকূপ এবং ট্রেডল পাম্প কেনার ক্ষেত্রেও এ সুবিধা থাকবে।
নীতিমালার সংযোজনী অনুযায়ী, কম্বাইন্ড হারভেস্টারের আনুমানিক মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা, ট্রাক্টর ২৫ থেকে ৩০ লাখ টাকা, রিপার ও রিপার বাইন্ডার ২ থেকে সাড়ে ৭ লাখ টাকা, রাইস ট্রান্সপ্লান্টার ৭ থেকে ২০ লাখ টাকা এবং পাওয়ার টিলারের মূল্য ২ থেকে ৩ লাখ টাকা ধরা হয়েছে। পাওয়ার থ্রেসার, সিডার ও বেডপ্লান্টারের আনুমানিক মূল্য ২ থেকে ৫ লাখ টাকা।
তবে ঋণ অনুমোদনের সময় যন্ত্রপাতির প্রকৃত মূল্য নির্ধারণ করতে হবে। ব্যাংক যন্ত্রের মূল্যের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত অর্থায়ন করতে পারবে।
ঋণের শর্ত ও জামানত
কৃষি যন্ত্রপাতি কেনার ঋণ পেতে আবেদনকারীকে নীতিমালায় উল্লেখিত যোগ্য ঋণগ্রহীতা, কৃষক কার্ডধারী প্রকৃত কৃষক অথবা কৃষি যন্ত্রপাতির বাণিজ্যিক সেবা প্রদানকারী হতে হবে। ঋণখেলাপিরা এ সুবিধার বাইরে থাকবেন।
পাওয়ার টিলার ও পাম্পের মতো ছোট যন্ত্রপাতির ক্ষেত্রে কেনা যন্ত্রটিকেই প্রাথমিক জামানত হিসেবে গ্রহণ করতে পারবে ব্যাংক। অন্যদিকে কম্বাইন্ড হারভেস্টার ও বড় ট্রাক্টরের মতো ব্যয়বহুল যন্ত্রের ক্ষেত্রে অতিরিক্ত জামানত হিসেবে ব্যক্তিগত গ্যারান্টি, জমি বা স্থাবর সম্পত্তি নেওয়া যেতে পারে।
যন্ত্রের কার্যকাল ও স্থায়িত্ব বিবেচনায় ব্যাংক ঋণের মেয়াদ ও কিস্তি নির্ধারণ করবে। সাধারণত যন্ত্রপাতির জীবনকাল তিন থেকে পাঁচ বছর। মৌসুমভিত্তিক আয় বিবেচনায় ত্রৈমাসিক, ষাণ্মাসিক, বার্ষিক অথবা মেয়াদ শেষে কিস্তি পরিশোধের ব্যবস্থা রাখা যাবে। যৌক্তিক বিবেচনায় সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত রেয়াতকাল দেওয়ার সুযোগও রয়েছে।
ঋণের আবেদনের সঙ্গে যন্ত্রপাতির প্রাক্কলিত মূল্য বা দরপত্র জমা দিতে হবে। আবেদন পাওয়ার পর ব্যাংক কর্মকর্তাকে আবেদনকারীর জমি ও আয়ের উৎস সরেজমিনে পরিদর্শন করতে হবে। যাচাই-বাছাইয়ে যোগ্য বিবেচিত হলেই ঋণ অনুমোদন করা যাবে।
সৌরবিদ্যুৎ ও জৈব সার উৎপাদনেও ঋণ
কৃষিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যক্তি, দল ও প্রতিষ্ঠান পর্যায়ে বায়োগ্যাস উৎপাদন এবং সৌর প্যানেল স্থাপনে দেওয়া ঋণ কৃষি ও পল্লী ঋণ হিসেবে গণ্য হবে। বিদ্যুৎ সংযোগবিহীন ও অনগ্রসর এলাকায় সৌর প্যানেলের মাধ্যমে সোলার হোম সিস্টেম স্থাপনেও ঋণ দেওয়া যাবে।
পাশাপাশি গোবর সার, কেঁচো কম্পোস্ট ও কো-কম্পোস্টসহ পরিবেশবান্ধব জৈব সার উৎপাদনেও অর্থায়ন করা যাবে। এ খাতে ঋণের নিয়ম ও পরিশোধসূচি নির্ধারণে সংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পরামর্শ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
বড় ঋণের তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে
কৃষি ও পল্লী ঋণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় ব্যাংকগুলোকে মাসিক ভিত্তিতে নির্ভুল তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। এ ছাড়া নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করা কৃষি ও পল্লী ঋণের মধ্যে এক কোটি টাকা বা তার বেশি অঙ্কের ঋণের প্রমাণক তথ্য পরবর্তী অর্থবছরের জুলাই মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নতুন এ নীতিমালার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষিপণ্যের সংরক্ষণ ও বাজারজাতকরণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অর্থায়নের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক