‘আকভান’-এর প্রভাবে পাঁচ দিন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, কমবে ধীরে ধীরে

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ দুপুর
  • ৮২৪৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, শুক্রবার ভারতের উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কিছু এলাকায় আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী দুই দিন বৃষ্টির প্রবণতা বেশি থাকলেও শনিবার থেকে এর তীব্রতা ধীরে ধীরে কমে আসতে পারে। দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস এবং সংশ্লিষ্ট আবহাওয়াবিদদের বক্তব্যে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘আকভান’ সরাসরি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা নেই। এটি ভারতের দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। তবে ঘূর্ণিঝড়টির প্রভাবে পশ্চিমা বাতাসের সঙ্গে প্রচুর মেঘ বাংলাদেশের আকাশে প্রবেশ করায় বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে।

তিনি জানান, বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। এরপর শনিবার থেকে বৃষ্টিপাতের তীব্রতা কমতে শুরু করবে। কোনো কোনো অঞ্চল থেকে বৃষ্টি পুরোপুরি বিদায় নিতে পারে।

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হওয়ায় উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে অধিদপ্তরের ১৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবল ঘূর্ণিঝড়টি পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বুধবার মধ্যরাতে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি সাগর বিক্ষুব্ধ রয়েছে।

এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad