সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে এর তীব্রতা বাড়ে। বৃষ্টি থেকে রক্ষা পেতে অনেককে ছাতা ও রেইনকোট ব্যবহার করতে দেখা যায়। আবার অনেকে বিভিন্ন ভবন ও প্রতিষ্ঠানের সামনে আশ্রয় নেন।
গণপরিবহনের অপেক্ষায় দীর্ঘ সময়
রাজধানীর রামপুরা এলাকায় সকালে অফিসগামী মানুষের উপস্থিতি থাকলেও বৃষ্টির কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। গণপরিবহনের অপেক্ষায় যাত্রীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেউ কেউ বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজেই গন্তব্যে রওনা হন।
এলাকার এক বেসরকারি চাকরিজীবী জানান, সকালে অফিসে যাওয়ার জন্য বের হলেও বৃষ্টির কারণে সহজে গাড়ি পাওয়া যায়নি। বৃষ্টি ও সড়কে যানবাহনের চাপের কারণে অন্য দিনের তুলনায় অফিসে পৌঁছাতে অনেক বেশি সময় লেগেছে।
স্কুলগামী শিক্ষার্থীদের দুর্ভোগ
খিলগাঁও এলাকায়ও একই চিত্র দেখা গেছে। বৃষ্টির মধ্যেই সন্তানদের নিয়ে স্কুলে যেতে হয়েছে অভিভাবকদের। বিশেষ করে বার্ষিক পরীক্ষা চলায় অনেক শিক্ষার্থীকে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বিদ্যালয়ে যেতে হয়।
খিলগাঁওয়ের এক অভিভাবক বলেন, তাঁর ছেলের বার্ষিক পরীক্ষা চলায় বৃষ্টির মধ্যেও স্কুলে যেতে হয়েছে। পরীক্ষা না থাকলে এমন আবহাওয়ায় সন্তানকে স্কুলে নিয়ে যেতেন না। ভোর থেকে বৃষ্টি অব্যাহত থাকায় শিশুদের নিয়ে চলাচল করা বেশ কষ্টকর হয়ে পড়েছে।
যানবাহন সংকটে কর্মজীবীরা
মালিবাগ এলাকায়ও বৃষ্টির কারণে যানবাহনের গতি কমে যায়। অনেক যাত্রীকে দীর্ঘ সময় গাড়ির অপেক্ষায় থাকতে দেখা যায়। জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষও পড়েন বিড়ম্বনায়।
অন্যদিকে মতিঝিল এলাকায় অফিসগামীদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। বৃষ্টির কারণে অনেককে ভিজে কর্মস্থলে যেতে হয়েছে। কেউ কেউ নির্ধারিত সময়ে অফিসে পৌঁছাতে পারেননি।
মতিঝিলের একটি বিমা কোম্পানির কর্মকর্তা জানান, বৃষ্টির কারণে বাসা থেকে বের হতে দেরি হয়েছে। পরে রাস্তায় গাড়ি পেতেও সমস্যায় পড়েন তিনি। প্রায় ২০ মিনিট অপেক্ষা ও ছোটাছুটির পর রিকশা পেলেও চালককে প্রায় দ্বিগুণ ভাড়া দিতে হয়েছে। বৃষ্টিতে ভিজেই শেষ পর্যন্ত তাঁকে অফিসে পৌঁছাতে হয়।
তিনি বলেন, অফিসে অনুপস্থিত থাকলে বেতন কাটা যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই চরম ভোগান্তি সত্ত্বেও কর্মস্থলে যেতে হয়েছে।
প্রয়োজনীয় কাজেও বিড়ম্বনা
শুধু কর্মজীবী বা শিক্ষার্থীরাই নন, জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া সাধারণ মানুষও বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন। রামপুরা ও খিলগাঁও তালতলা এলাকায় অনেককে বৃষ্টি থামার অপেক্ষায় থাকতে দেখা যায়। কিন্তু দুপুর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকায় অনেকে বাধ্য হয়ে বৃষ্টির মধ্যেই প্রয়োজনীয় কাজে বের হন।
নগরবাসীর আশঙ্কা, বৃষ্টি দীর্ঘায়িত হলে দৈনন্দিন চলাচল ও কর্মজীবনে ভোগান্তি আরও বাড়তে পারে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক