কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক বাজারে নতুন ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি, যা আইপিও থেকে অর্থ সংগ্রহের ক্ষেত্রে নতুন রেকর্ড। এর আগে গত জুনে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের ৭৫ বিলিয়ন ডলারের আইপিও এই তালিকায় শীর্ষে ছিল।
বুধবার (১৮ নভেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে স্যান ফ্রান্সিসকোভিত্তিক অ্যানথ্রপিক জানায়, প্রতিষ্ঠানটি এবং এর সাতজন সহপ্রতিষ্ঠাতা প্রতিটি ৮৩ ডলার দরে মোট ৯৮ কোটি শেয়ার বিক্রি করেছেন। বিনিয়োগকারীদের প্রত্যাশার চেয়ে বেশি চাহিদা তৈরি হওয়ায় আইপিওর আকার পূর্বপরিকল্পনার তুলনায় বাড়ানো হয়েছে।
এর আগে গত সপ্তাহে জমা দেওয়া করপোরেট নথিতে প্রতিটি ৭০ থেকে ৭৮ ডলার দরে ৮২ কোটি ৫০ লাখ শেয়ার ছাড়ার পরিকল্পনার কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে ব্যাপক বিনিয়োগকারী আগ্রহের কারণে শেষ পর্যন্ত শেয়ারের দাম ও বিক্রির পরিমাণ দুটিই বাড়ানো হয়।
এ ছাড়া ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে আরও ২৬ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা রয়েছে ক্লড (Claude) এআই মডেলের নির্মাতা প্রতিষ্ঠানটির। এতে আইপিও ও বেসরকারি বিনিয়োগ মিলিয়ে মোট মূলধন সংগ্রহের পরিমাণ দাঁড়াবে ১০৭ দশমিক ৩ বিলিয়ন ডলার।
বাজারমূল্য ১.৫ ট্রিলিয়ন ডলারআইপিওর মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহের পর অ্যানথ্রপিকের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। এই মূল্যায়নে প্রতিষ্ঠানটি বিশ্বের ১২তম বৃহত্তম কোম্পানিতে পরিণত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তালিকায় প্রতিষ্ঠানটির অবস্থান টেসলার ঠিক পেছনে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নাসডাক স্টক এক্সচেঞ্জে ‘ANT’ টিকার প্রতীকে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন শুরু হওয়ার কথা।
২০২১ সালে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সাবেক কয়েকজন গবেষকের হাত ধরে অ্যানথ্রপিকের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটির এই বিশাল আইপিওকে এআই খাতের শীর্ষ কোম্পানিগুলোর উচ্চমূল্যায়ন এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনার গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
এআই খাতে বাড়ছে ট্রিলিয়ন ডলারের বিনিয়োগবিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআইয়ের সম্ভাবনাকে কেন্দ্র করে বিপুল অর্থ বিনিয়োগ করছে। ব্যবসা, চিকিৎসা, উৎপাদন ও দৈনন্দিন জীবনে এআই বড় ধরনের পরিবর্তন আনবে—এমন প্রত্যাশা থেকেই এই বিনিয়োগের বিস্তার ঘটছে।
প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের পূর্বাভাস অনুযায়ী, এআই খাতে বৈশ্বিক ব্যয় ২০২৬ সালে ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার এবং ২০২৭ সালে ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
এদিকে এসঅ্যান্ডপি ৫০০ সূচকের প্রায় অর্ধেক বাজারমূল্য এআই-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দখলে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এই বিপুল বিনিয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্নও উঠছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কি ভবিষ্যতের সম্ভাবনাময় বাজার তৈরির প্রস্তুতি নিচ্ছে, নাকি ২০০০ সালের ডটকম ধসের মতো নতুন কোনো বিনিয়োগ বুদবুদ তৈরি হচ্ছে—এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিতর্ক রয়েছে।
এনভিডিয়া সংকটে প্রযুক্তি শেয়ারবাজারে অস্থিরতাঅ্যানথ্রপিকের আইপিও এমন সময়ে এসেছে, যখন এআই প্রযুক্তির অন্যতম প্রধান অবকাঠামো জিপিইউ (গ্রাফিকস প্রসেসিং ইউনিট) বাজার ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে চিপ নির্মাতা এনভিডিয়াকে কেন্দ্র করে গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং চীনে উচ্চক্ষমতাসম্পন্ন চিপ রপ্তানির বিধিনিষেধ নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে আলোচনা চলছে।
প্রতিবেদনে এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগ এবং তাঁর সঙ্গে সংশ্লিষ্ট এক নারীর বিরুদ্ধে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে চীনে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানিতে আরও কঠোর নিয়ন্ত্রণের দাবি জোরালো হয়েছে।
এ পরিস্থিতির প্রভাব পড়েছে প্রযুক্তিনির্ভর শেয়ারবাজারেও। গত এক মাসে নাসডাক কম্পোজিট সূচক প্রায় ৭ দশমিক ৬ শতাংশ কমেছে। একই সময়ে এনভিডিয়ার শেয়ারের দর ৩০ শতাংশের বেশি কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার এশিয়ার দক্ষিণ কোরিয়া, হংকং ও তাইওয়ানের প্রধান শেয়ারবাজারেও দরপতন দেখা যায়।
এআইয়ের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশাফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের আইপিও বিশেষজ্ঞ জে আর রিটারের মতে, অ্যানথ্রপিকের বর্তমান বাজারমূল্য ধরে রাখতে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করতে হবে। তবে সেই সাফল্য অনেকাংশে নির্ভর করবে এমন কিছু বিষয়ের ওপর, যেগুলো প্রতিষ্ঠানের সরাসরি নিয়ন্ত্রণে নেই।
আল জাজিরাকে দেওয়া বক্তব্যে রিটার বলেন, তিন দশক আগে ইন্টারনেটকে ভবিষ্যতের বড় প্রযুক্তিগত পরিবর্তন হিসেবে দেখা হয়েছিল। পরবর্তী সময়ে ইন্টারনেট মানুষের জীবন বদলে দিয়েছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তাকেও একই ধরনের পরিবর্তন আনতে সক্ষম প্রযুক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তাঁর মতে, অ্যানথ্রপিকের এআই মডেল ভবিষ্যতে ক্যানসার ও ডিমেনশিয়ার মতো জটিল রোগের চিকিৎসা ও নিরাময়ের পথ খুঁজে পেতে সহায়তা করতে পারে। তবে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সাফল্য এখনো নিশ্চিত নয়।
অন্যদিকে ইয়র্কভিল আইভসের পার্টনার ও জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক ড্যান আইভস মনে করেন, অ্যানথ্রপিকের শক্তিশালী আইপিও এআই খাতের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করবে।
গ্রাহকদের উদ্দেশে দেওয়া এক নোটে তিনি বলেন, প্রযুক্তি খাতে বিনিয়োগকারীদের উদ্বেগ এবং এনভিডিয়াকে ঘিরে তৈরি হওয়া অস্থিরতার মধ্যে অ্যানথ্রপিকের আইপিও একটি বড় সাফল্য। এটি এআই বিপ্লবের প্রবৃদ্ধি অব্যাহত থাকার বিষয়ে বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে পারে।
তিনি আরও বলেন, আগামী কয়েক বছরে এআই খাতে ৩ থেকে ৪ ট্রিলিয়ন ডলার মূলধনি ব্যয় হতে পারে। এই পরিবর্তনে অ্যানথ্রপিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁর প্রত্যাশা।
সব মিলিয়ে অ্যানথ্রপিকের রেকর্ড আইপিও এআই খাতে বিনিয়োগকারীদের বিপুল আগ্রহের প্রতিফলন। তবে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য ধরে রাখা এবং দীর্ঘমেয়াদে লাভজনক ব্যবসা প্রতিষ্ঠা করাই এখন কোম্পানিটির সামনে বড় চ্যালেঞ্জ।

প্রথম দর্পণ,ডেস্ক