গাজীপুরে ডাকাতির শিকার আটটি গরু উদ্ধার, আটক ৪
গাজীপুরের নাওজর এলাকায় ডাকাতির শিকার হওয়া আটটি গরুর মধ্যে সাতটি গরু ও একটি গরুর জবাইকৃত মাংস উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা জানান, তারা গাইবান্ধার বরাতখালী গরুর হাট থেকে আটটি গরু কিনে একটি পিকআপে করে নারায়ণগঞ্জের ফতুল্লার উদ্দেশ্যে রওনা দেন। শনিবার দিবাগত ভোর সাড়ে চারটার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের নাওজর এলাকায় পৌঁছালে একটি হাইএস গাড়ি দিয়ে তাদের পথরোধ করে একটি ডাকাত দল।
তারা অভিযোগ করেন, ডাকাতরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং পিকআপচালকসহ ব্যবসায়ীদের মারধর করে। পরে তাদের হাত-পা বেঁধে পাশের জঙ্গলে ফেলে রেখে গাড়িতে থাকা আটটি গরু নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
পরে আহত অবস্থায় ভুক্তভোগীরা স্থানীয়দের সহায়তায় কালিয়াকৈর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রিফাত ইলেকট্রনিক্সের সামনে তাজলিমা গোস্ত বিতানের মালিক তপন মিয়ার কাছ থেকে সাতটি গরু ও একটি গরুর জবাইকৃত মাংস উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা গরু এবং আটক ব্যক্তিদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

মোঃ শাহাদত হোসেন,স্টাফ রিপোর্টার