যুক্তরাষ্ট্র চাইলে ইরানের ইউরেনিয়াম দখল সম্ভব, তবে তা ‘অযৌক্তিক’ হবে: ট্রাম্প

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৫ জুন ২০২৬, ০৩:৪৯ দুপুর
  • ১৯৮২০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত নিয়ে ফের কঠোর মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, চাইলে যুক্তরাষ্ট্র সহজেই ইরানের ইউরেনিয়াম মজুত দখল করতে পারে, তবে এমন পদক্ষেপকে তিনি ‘অযৌক্তিক’ বলে মনে করেন।

গত ৪ জুন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের ইউরেনিয়াম মজুত দখল করা কঠিন কিছু নয় এবং যুক্তরাষ্ট্র চাইলে এটি নিয়ন্ত্রণে নিতে সক্ষম। তবে তিনি স্পষ্ট করেন, এ ধরনের পদক্ষেপ গ্রহণের প্রয়োজন নেই এবং তা যুক্তিসংগতও নয়।

তিনি আরও বলেন, “আমরা চাইলে এগিয়ে গিয়ে এটি নিতে পারি, তবে আমার মনে হয় না তারা তা থামাতে পারবে। কিন্তু এটি হবে অযৌক্তিক সিদ্ধান্ত।”

ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে তেহরানের উত্তেজনা চলছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর তথ্য অনুযায়ী, ইরানের কাছে প্রায় ৪০০ কেজি উচ্চমাত্রায় (প্রায় ৬০ শতাংশ) সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ইউরেনিয়ামের বিশুদ্ধতা ৯০ শতাংশে উন্নীত হলে তা পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছাতে পারে। তবে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, বেসামরিক কর্মসূচির আড়ালে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রেখেছে। তবে তেহরান এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে।

সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান নিয়ে অনিশ্চয়তাও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওয়াশিংটন চাইছে, ইরান তাদের ইউরেনিয়াম মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করুক—এমন আলোচনাও বিভিন্ন পর্যায়ে উঠে এসেছে।

এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে সম্ভাব্য সাক্ষাত নিয়েও প্রশ্নের জবাব দেন ট্রাম্প। তিনি জানান, তিনি নিজে থেকে সাক্ষাতে আগ্রহী নন, তবে কোনো বৈঠক হলে সেটিকে তিনি সম্মানজনক মনে করবেন। পাশাপাশি সম্ভাব্য শান্তিচুক্তির প্রেক্ষাপটে ভবিষ্যতে সাক্ষাতের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

সূত্র: এএফপি




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad