দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় রাতভর ব্যাপক বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। একের পর এক শক্তিশালী বিস্ফোরণে পুরো অঞ্চল কেঁপে ওঠে এবং বিস্ফোরণের কম্পন দূরবর্তী এলাকাতেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।
এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ইয়োহমোর আল-শকিফ, আরনুন ও কফর তেবনিত এলাকায় মধ্যরাতের পর ইসরাইলি হামলা চালানো হয়। হামলার পরপরই ধারাবাহিক বিস্ফোরণের শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়। বিস্ফোরণের অভিঘাত এল-খাররুব ও খালদে এলাকাতেও অনুভূত হয়েছে।
মারজাইউন জেলার ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ সংলগ্ন এলাকাতেও তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশের কুলাইয়া শহরের বহু বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকা কেঁপে ওঠে এবং চারদিকে বারুদের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে।
এদিকে, টাইর জেলার আল-মানসুরি ও বেইউত আল-সাইয়্যাদ এলাকার উপকণ্ঠে ইসরাইলি বাহিনী ভারী মেশিনগান থেকে গুলি চালায়। একই সঙ্গে আল-মানসুরি এলাকায় ভারী কামানের গোলাবর্ষণেরও খবর দিয়েছে এনএনএ।
অন্যদিকে, বিনতে জুবেইল জেলার বারাআশিত পাহাড় থেকে আইনাতা এলাকার দিকে ইসরাইলি ট্যাংকের বহর অগ্রসর হতে দেখা গেছে। একই সময়ে লেবাননের পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকাতেও ভারী বিস্ফোরণ এবং তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি।
তাৎক্ষণিকভাবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: আল-জাজিরা

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক