ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পরিবর্তে মোদির ‘ইনফ্লুয়েন্সার’ হওয়াই বেশি উপযুক্ত বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে ছাত্রদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার না হলে দেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মহারাষ্ট্রে নিজ শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিজিৎ দীপকে বলেন, “আমার মনে হয়, নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী পদ ছেড়ে ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত। তিনি সেই কাজটাই সবচেয়ে ভালো করছেন। যদি তিনি এতই দক্ষ ইনফ্লুয়েন্সার হন, তাহলে প্রধানমন্ত্রীর দায়িত্ব অন্য কাউকে ছেড়ে দেওয়া উচিত, যাতে দেশের কাজ সঠিকভাবে পরিচালিত হয়।”
সম্প্রতি প্রধানমন্ত্রী মোদির ইনস্টাগ্রামে তরুণদের উদ্দেশে প্রকাশিত একাধিক ভিডিওকে কেন্দ্র করেই এ মন্তব্য করেন তিনি।
এর আগে একই প্রসঙ্গে কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও সংসদে সমালোচনা করে বলেছিলেন, “ক্যামেরার অ্যাঙ্গেল বদলালেই জেন-জি প্রজন্মের সমর্থন পাওয়া যাবে না। প্রধানমন্ত্রীর ক্যামেরার নয়, হৃদয়ের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।”
লোকসভায় সম্প্রতি পাস হওয়া প্রশ্নফাঁসবিরোধী বিল নিয়েও সমালোচনা করেন অভিজিৎ দীপকে। তার ভাষ্য, কেবল আইন প্রণয়ন করলেই সমস্যার সমাধান হয় না; কার্যকর বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “দেশে অনেক ভালো আইন রয়েছে। কিন্তু যাদের মাধ্যমে এসব আইন বাস্তবায়িত হবে, তাদের সদিচ্ছা না থাকলে কোনো আইনই কার্যকর হবে না।”
প্রধানমন্ত্রীর ঘোষিত প্রশ্নফাঁস-সংক্রান্ত দ্রুত বিচার আদালত নিয়েও প্রশ্ন তোলেন সিজেপি প্রতিষ্ঠাতা। তার অভিযোগ, আদালত গঠনের ঘোষণা দেওয়ার পরও প্রথম শুনানিতে সিবিআইয়ের আইনজীবী উপস্থিত না থাকায় মামলার শুনানি পিছিয়ে যায়। এতে শুধু ঘোষণা বা নতুন আইন করলেই যে সমস্যার সমাধান হয় না, সেটিই আবারও প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক