সুনামগঞ্জের ছাতক উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শুক্রবার গভীর রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতক উপজেলার চেচান পয়েন্ট এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই রাতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সুনামগঞ্জ-সিলেট সড়কের হাছনরাজা তোরণ এলাকায় পৃথক একটি বিক্ষোভ মিছিলও করেন। পরবর্তীতে মিছিলের ভিডিও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় রিপন ছাড়া মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মীর মুখে মাস্ক ছিল।
মশাল মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করে আশিকুর রহমান রিপন লিখেছেন, "অশুভ শক্তির বিরুদ্ধে আলোর পথে যাত্রা, আলোক প্রজ্বালন ও মশাল মিছিল। ধন্যবাদ ছাতক উপজেলা ছাত্রলীগ।"
এ বিষয়ে ছাতক থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, তিনি ফেসবুকে একটি সেতুর ওপর মিছিলের ভিডিও দেখেছেন। তবে ছাতক উপজেলার কোথাও ছাত্রলীগের মিছিল হয়েছে—এমন কোনো তথ্য তাদের কাছে নেই।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, জেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি মিছিল হয়েছে বলে তারা জানতে পেরেছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত ৩টা থেকে ৪টার মধ্যে মিছিলটি অনুষ্ঠিত হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

প্রথম দর্পণ,ডেস্ক