জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়েছে। মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৪ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালতে এদিন মামলার ২৬তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদকে জেরা করেন স্টেট ডিফেন্সের আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহান। জেরা শেষে আদালত সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করে যুক্তিতর্কের জন্য ৪ আগস্ট তারিখ নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এ সময় প্রসিকিউটর মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৬ জুলাই সাংবাদিক আশরাফ কায়সার সাক্ষ্য দেন। তিনি তার জবানবন্দিতে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ সম্পর্কে বক্তব্য দেন।
উল্লেখ্য, মামলাটিতে প্রথম দফার সাক্ষ্যগ্রহণ গত ২৭ এপ্রিল শেষ হওয়ার পর যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ করা হয়েছিল। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাংবাদিক আশরাফ কায়সারের অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা হয়। সেই ধারাবাহিকতায় তদন্ত কর্মকর্তাকেও পুনরায় সাক্ষ্য দিতে আদালতে হাজির করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আদালতের তথ্যমতে, মামলার সব আসামিই বর্তমানে পলাতক।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ