কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো ঘাপটি মেরে বসে আছে। সুযোগ পেলেই তারা দেশকে অস্থিতিশীল করে দেশকে তছনছ করার ষড়যন্ত্রে লিপ্ত হবে।
শনিবার (২ আগস্ট) রাতে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘জুলাই স্মৃতিকথা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থান না হলে আজ আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম কি না, জানি না। সে সময় যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি; বরং প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিল। ফ্যাসিবাদী শক্তির অনুসারীরা এখনো সমাজের বিভিন্ন স্থানে লুকিয়ে রয়েছে। সুযোগ পেলেই তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে।’
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে তিনি বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সব বীরের রুহের মাগফিরাত কামনা করছি। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির নেতা ইউসুফ মোল্লা টিপু।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হানের সঞ্চালনায় এবং ফেইস দ্য পিপল-এর সম্পাদক সাইফুর সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার