লিবিয়ার বেনগাজী থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
লিবিয়ার বেনগাজী থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। এতে সহযোগিতা করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়া সরকার।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের অধিকাংশই দালাল চক্রের প্ররোচনায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। তবে সেখানে পৌঁছে তারা নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হন। অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
ফিরে আসা এসব বাংলাদেশিকে বিমানবন্দরে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা স্বাগত জানান। আইওএমের পক্ষ থেকে তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার, দেশে ফেরার খরচ এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ অভিবাসন ও মানবপাচারের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রত্যাবাসিতদের অভিজ্ঞতা সমাজে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টার ও ক্যাম্পে আটক থাকা বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক