রাশিয়ার সেনাবাহিনীর কাছে ৩০ বাংলাদেশি যুবককে বিক্রি: অভিযুক্ত এজেন্সি সিলগালা, কঠোর ব্যবস্থা সরকারের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ জুন ২০২৬, ০১:২৭ দুপুর
  • ৩২৬৪৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


রাশিয়ার সেনাবাহিনীর কাছে ৩০ বাংলাদেশি যুবককে ‘বিক্রি’ করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলো সিলগালা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের যেকোনো ধরনের সমস্যার দ্রুত সমাধানে বিশেষ একটি ই-মেইলভিত্তিক অভিযোগ গ্রহণ সেবা চালুর ঘোষণাও দেন তিনি। এ বিষয়ে তিনি জানান, প্রবাসীদের লিখিত অভিযোগ গ্রহণ, যাচাই এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার থেকেই এই সেবার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ নেই। দায়িত্বে থাকা পর্যন্ত কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীকে সিন্ডিকেট গড়ে তুলতে দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে এবং সেবার মান বাড়াতে মন্ত্রণালয়কে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad