বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ বিকাল
  • ৫৫৪৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষিশ্রমিক এবং ৫ হাজার মৎস্যশ্রমিক নেওয়া হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের এ বিষয়ে আলোচনা হয়েছে। দেশটি বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবীসহ মোট ১০ হাজার কর্মী নেওয়ার কথা জানিয়েছে। এ বিষয়ে একটি চুক্তিও সই হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ওমানের একটি প্রতিনিধি দল আগামী মাসে বাংলাদেশে আসবে। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। এরপর কর্মী নেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।

ভিসা চালুর কূটনৈতিক উদ্যোগ

ওমানের ভিসা বন্ধ থাকার বিষয়েও কূটনৈতিকভাবে চেষ্টা চলছে বলে জানান শামা ওবায়েদ। তিনি বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ রয়েছে। বাংলাদেশি কর্মীদের নিয়মিতভাবে ওমানে যাওয়ার সুযোগ তৈরি করতে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, সরকার দক্ষ অভিবাসনের ওপর গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী যাতে ওমানে যেতে পারেন এবং দেশটির বিভিন্ন খাতে কাজ করতে পারেন, সে বিষয়ে ওমান সরকারের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে ওমানও আগ্রহ দেখিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও ওমানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি গুরুত্ব পায়।

ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদ ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad