সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নাটোরের নলডাঙ্গা উপজেলার তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় ও নিহতদের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
নিহতরা হলেন—নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপুর গ্রামের রাব্বানীর ছেলে মো. সাব্বির হোসেন শুভ (৩০), দিঘীরপাড় এলাকার জাখের আলীর ছেলে শামীম হোসেন এবং মহিষডাঙ্গা গ্রামের আসলাম হোসেনের ছেলে রবিউল আউয়াল হৃদয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরবে তাদের কর্মস্থল সোফা তৈরির একটি কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করলে তারা অগ্নিদগ্ধ হন। পরে তিনজনেরই মৃত্যু হয়।
তিন প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন।
এদিকে সৌদি আরবে অগ্নিকাণ্ডে তিন প্রবাসীর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে নলডাঙ্গার নিজ নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরিবার ও সংশ্লিষ্টরা প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন।

প্রথম দর্পণ,ডেস্ক