ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রোগীবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি।
রোববার (২৪ মে) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা হাজী আব্দুর ওহেদ মোল্যার ছেলে মো. জাহাঙ্গীর মোল্যা (৬২), তাঁর স্ত্রী মাজেদা বেগম (৫৫), জাহাঙ্গীরের ভাই আলমগীর হোসেন মোল্যা (৫৮) ও তাঁর স্ত্রী খুরশিদ বেগম (৪৮)। এছাড়া নিহত অ্যাম্বুলেন্স চালক কাওছার মাতুব্বর (২৫) মাদারীপুর সদর উপজেলার সৈদারবালী এলাকার শাহজাহান মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ এক স্বজনকে নিয়ে অ্যাম্বুলেন্সযোগে ফরিদপুরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন তারা। পথে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে অ্যাম্বুলেন্সটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের পাঁচ আরোহীর মৃত্যু হয়।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের জন্য মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে।
নগরকান্দা থানার ওসি সামদানি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক