কক্সবাজার আদালত প্রাঙ্গণে প্রকাশ্য গুলিবর্ষণ, আহত ৫
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আদালত এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে আদালত ভবনের দক্ষিণ পাশের গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম জিয়াউল হক জিয়া। তিনি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার একটি মামলায় হাজিরা দিতে সহযোগীদের নিয়ে আদালতে আসেন। হাজিরা শেষে আদালত ভবন থেকে বের হওয়ার সময় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
এ সময় গুলিবিদ্ধ হন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মহিউদ্দিন ও রণিসহ অন্তত পাঁচজন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, আদালত প্রাঙ্গণে গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় অস্ত্রসহ জিয়াউল হক জিয়াকে আটক করা হয়।
তিনি আরও জানান, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মোঃ শাহাদত হোসেন,স্টাফ রিপোর্টার