হাটহাজারী ও চট্টগ্রামে কোরবানির মাংস ও ঈদ উপহার বিতরণ, শতাধিক পরিবার পেল সহায়তা

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

হাটহাজারী ও চট্টগ্রামে কোরবানির মাংস ও ঈদ উপহার বিতরণ, শতাধিক পরিবার পেল সহায়তা


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম ও হাটহাজারীর বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ এবং আর্থিকভাবে অসচ্ছল মানুষের মাঝে কোরবানির মাংস ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের ব্যক্তিগত উদ্যোগে এবং বিভিন্ন সহযোগী সংগঠনের সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আয়োজকদের সূত্রে জানা গেছে, প্রায় ৪০টি গরু কোরবানি করে শত শত পরিবারের কাছে মাংস পৌঁছে দেওয়া হয়। উপকারভোগীদের মধ্যে ছিলেন নিম্নআয়ের মানুষ, অসহায় পরিবার এবং আর্থিক সংকটে থাকা দলীয় কর্মীরা। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের পরিবারের সদস্যরাও অংশ নেন। তাঁর সহধর্মিণী নওশীন আরজান হেলাল ও সন্তানদের উপস্থিতি কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, “মানবতার সেবাই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য। সাধারণ ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার। ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে কোনো মানুষ অভাবের কারণে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হবে না।”

তিনি আরও বলেন, “দেশের অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তৃণমূলের মানুষের কাছে সুশাসন, ন্যায়বিচার ও নাগরিক অধিকার পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মীর হেলাল উদ্দীন বলেন, “সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সবাইকে অংশীদার হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির একটি আদর্শ হাটহাজারী গড়ে তোলা সম্ভব।”

স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad