নারীকে প্রকাশ্যে পিটিয়ে ভাইরাল আ.লীগ নেতা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তারের নির্দেশ এমপির
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে প্রকাশ্যে মারধরের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত আওয়ামী লীগ নেতাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
ঘটনার পর উপজেলা আওয়ামী লীগের এক নেতাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার দুপুরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এমপি রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, “একজন নারীকে এভাবে প্রকাশ্যে মারধর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেউ আইনের ঊর্ধ্বে নয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালান। এ সময় এক নারীকে মারধরসহ পরিবারের কয়েকজন সদস্যকে আহত করা হয়।
হামলায় আহত হয়েছেন সমলা খাতুন (৯৫), সাইফুল ইসলাম (৪০), মাসুদা আক্তার (৪২) ও বিথী আক্তার (২৫)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
মামলার বাদী তাইজুল ইসলাম অভিযোগ করেন, বিরোধপূর্ণ জমিটি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে এবং আদালতের নিষেধাজ্ঞাও বলবৎ আছে। এরপরও অভিযুক্তরা জমি দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিলে হামলা, মারধর, লুটপাট এবং এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা ঘটে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মারধর, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক