হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কি গ্রামে শালিস বৈঠকে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামের আহম্মদের একটি ফার্নিচার দোকান থেকে ঈদের আগে তোফাজ্জল নামের এক ব্যক্তি কিছু টাকা নেন। পরে ওই টাকা লেনদেনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
বিরোধ মীমাংসার লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় গ্রামে একটি শালিস বৈঠক বসে। বৈঠকে এক পক্ষ ভিডিও ধারণ শুরু করলে অপর পক্ষ তাতে বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দুই পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে বেলা ৩টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পূর্বের টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত অবস্থা বিরাজ করছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক