বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানী ও আকাশপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে ২০২৭ সালের ২ আগস্টের পূর্ণ সূর্যগ্রহণ। বিজ্ঞানীদের মতে, ওই দিন সংঘটিত হতে যাচ্ছে ২১ শতকে স্থলভাগ থেকে দৃশ্যমান সবচেয়ে দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যা সর্বোচ্চ প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড স্থায়ী হবে।
বিরল এ মহাজাগতিক ঘটনার সময় চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে আড়াল করে ফেলবে। ফলে দিনের বেলাতেই গ্রহণপথের বিভিন্ন এলাকায় কয়েক মিনিটের জন্য নেমে আসবে গাঢ় অন্ধকার, যা আকাশ পর্যবেক্ষকদের জন্য হবে এক অসাধারণ অভিজ্ঞতা।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহণটির দীর্ঘস্থায়িত্বের পেছনে রয়েছে বিশেষ মহাজাগতিক অবস্থান। ওই সময় চাঁদ পৃথিবীর তুলনামূলক কাছাকাছি অবস্থানে থাকবে, ফলে আকাশে এর দৃশ্যমান আকার কিছুটা বড় দেখাবে। অন্যদিকে পৃথিবী সূর্য থেকে তুলনামূলক দূরবর্তী অবস্থান অর্থাৎ অ্যাফেলিয়নের কাছাকাছি থাকায় সূর্যকে কিছুটা ছোট দেখাবে। এই দুই পরিস্থিতির সমন্বয়েই পূর্ণগ্রাসের সময়কাল দীর্ঘ হবে।
তথ্য অনুযায়ী, সূর্যগ্রহণের কেন্দ্রীয় পথ আটলান্টিক মহাসাগর থেকে শুরু হয়ে দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল অতিক্রম করবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে স্পেন, জিব্রাল্টার, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর, সুদান, সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়ার বিভিন্ন এলাকা থেকে।
বিশেষজ্ঞদের মতে, গ্রহণ পর্যবেক্ষণের জন্য সবচেয়ে উপযুক্ত স্থানগুলোর একটি হবে মিসর। বিশেষ করে লুক্সর ও নিউ ভ্যালি অঞ্চলে পূর্ণগ্রাসের স্থায়িত্ব তুলনামূলক বেশি হওয়ায় সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক ও গবেষকদের সমাগম ঘটতে পারে।
পূর্ণগ্রাস চলাকালে দিনের আলো গোধূলির মতো ম্লান হয়ে যাবে। কিছু এলাকায় তাপমাত্রা সাময়িকভাবে কমে আসতে পারে। একই সঙ্গে খালি চোখে সাধারণত অদৃশ্য থাকা কয়েকটি উজ্জ্বল গ্রহ ও নক্ষত্রও দৃশ্যমান হয়ে উঠবে। এ সময় সূর্যের বহিঃস্ত স্তর করোনা, বেইলি’স বিডস এবং ডায়মন্ড রিংয়ের মতো বিরল দৃশ্য পর্যবেক্ষণের সুযোগ মিলবে।
তবে নিরাপত্তার বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, পূর্ণগ্রাসের সংক্ষিপ্ত সময় ছাড়া সূর্যের দিকে সরাসরি তাকানো চোখের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এজন্য গ্রহণ পর্যবেক্ষণে অবশ্যই আন্তর্জাতিক মানসম্পন্ন সোলার ফিল্টার বা অনুমোদিত গ্রহণ-চশমা ব্যবহার করতে হবে।
গবেষকদের ধারণা, বিশ্বের প্রায় ৪০০ কোটির বেশি মানুষ প্রত্যক্ষ বা আংশিকভাবে এ সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন। এ কারণে ঘটনাটি ইতোমধ্যে ২১ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ ও বহুল আলোচিত মহাজাগতিক আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: উইয়ন নিউজ।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ