বুধবার বিকেলে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক ‘আমার দেশ’কে বলেন, লঘুচাপ সৃষ্টি হলেও এর প্রভাবে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ১২ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টির প্রবণতা থাকতে পারে। তবে আগামী রোববার থেকে বৃষ্টির প্রবণতা আবার কমে আসতে পারে।
বৃহস্পতিবার বাড়তে পারে বৃষ্টির প্রবণতাবুধবার সন্ধ্যা ৬টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। শনিবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।
দিনাজপুরে ৩২ মিলিমিটার বৃষ্টিবুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানী ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে এ সময় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। দেশের মধ্যে দিনাজপুরে সর্বোচ্চ ৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
এদিকে বুধবার দেশের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লক্ষ্মীপুরের রামগতিতে। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স